
জিয়া সাইবার ফোর্সের অ্যাডমিন গ্রেফতার
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারণার অভিযোগে জিয়া সাইবার ফোর্সের মহাসচিব হারুন-অর-রশিদকে গ্রেফতার করেছে র্যাব-৩।
গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তান এলাকায় এ অভিযান চালিয়ে হারুন-অর-রশিদকে গ্রেফতার করা হয়। এর আগেও এই দলের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৩ সূত্র জানিয়েছে, ২০১৬ সাল থেকে জিয়া সাইবার ফোর্স নামের গ্রুপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী পোস্ট দিয়ে আসছে। গ্রেফতারকৃত হারুন-অর-রশিদ এই গ্রুপের অ্যাডমিন। তিনি ও তার সহযোগীরা মিথ্যা পোস্ট দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালান। র্যাব-৩ এর সাইবার মনিটরিং সেল এই গ্রুপের কার্যক্রম ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করে আসছে।
সর্বশেষ গোয়েন্দা তথ্যে জানা যায়, নির্বাচন সামনে রেখে গ্রুপটির সদস্যরা সরকার বিরোধী অপপ্রচার জোরদারের পরিকল্পনায় গুলিস্তান এলাকায় বৈঠক করবে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল সকাল ১০ টার দিকে গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে হারুন-অর-রশিদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন গুজব ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করে সরকার উৎখাতের প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করার মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টার কথা স্বীকার করেছে।



