প্রবাস

জ্যাকসন হাইটসে নান্দনিক আমেজে থাই রেস্তোরাঁ ‘থাই নারা’র জমকালো যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কের অন্যতম প্রাণকেন্দ্র এবং প্রবাসী বাংলাদেশিদের প্রিয় মিলনস্থল জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করল ভিন্ন স্বাদের চমৎকার একটি থাই খাবারের রেস্তোরাঁ ‘থাই নারা’ (Thai Nara)। গতকাল ২০ জুন, রবিবার এক উৎসবমুখর ও ঘরোয়া পরিবেশের মধ্য দিয়ে রেস্তোরাঁটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী দিনেই নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ভোজনরসিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে রেস্তোরাঁ প্রাঙ্গণ।

উদ্বোধনী সন্ধ্যায় নতুন এই থাই রেস্তোরাঁটির আতিথেয়তা ও খাবারের স্বাদ নিতে হাজির হয়েছিলেন একঝাঁক চেনা মুখ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজকর্মী শাহ জে. চৌধুরী, জ‍্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি সাকিল মিয়া, আনোয়ার উদ্দিন, রিদোয়ান হক এবং প্রখ্যাত শিশুসাহিত্যিক ও সম্পাদক হুমায়ূন কবীর ঢালীসহ আরও অনেকে।

প্রবাসী বাঙালিরা সাধারণত জ্যাকসন হাইটসের দেশি ঘরানার রেস্তোরাঁগুলোতেই বেশি অভ্যস্ত। তবে ভিনদেশি সংস্কৃতির স্বাদ ও বৈচিত্র্য নিতে থাই খাবারের এই নতুন ঠিকানাটি প্রথম দিনেই সবার নজর কেড়েছে। উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত অতিথিদের অনেকেই থাই খাবারের গুণাগুণ ও স্বাদের দারুণ প্রশংসা করেন।

জানা গেছে, ‘থাই নারা’র নেপথ্যে রয়েছেন অভিজ্ঞ ব্যবসায়ী হাবিব ভাই, যিনি দীর্ঘ সময় ধরে থাই ফুড রেস্টুরেন্ট ব্যবসার সাথে সফলভাবে জড়িত। তাঁর এই নতুন উদ্যোগে খাবারের আসল ও ঐতিহ্যবাহী স্বাদ ধরে রাখতে প্রধান রন্ধনশিল্পী (শেফ) হিসেবে দায়িত্ব পালন করছেন নিউইয়র্কের অত্যন্ত সুপরিচিত ও দক্ষ শেফ আব্দুর রহমান ভাই। রহমান ভাই একজন থাই মুসলিম এবং তাঁর হাতের চমৎকার রান্নার সুনাম আগে থেকেই ভোজনরসিকদের মুখে মুখে। উদ্বোধনের আগের দিন থেকেই তাঁর রন্ধনশৈলী নিয়ে বেশ প্রশংসা শোনা যাচ্ছিল এবং উদ্বোধনী ডিনারে তিনি তাঁর সেই সুনামের শতভাগ প্রতিফলন ঘটিয়েছেন।

রেস্তোরাঁটিতে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায় এর আধুনিক ও নান্দনিক অভ্যন্তরীণ সজ্জা বা ডেকোরাম দেখে। অত্যন্ত পরিপাটি এবং রুচিশীল পরিবেশে বসে অতিথিরা তৃপ্তির সাথে নৈশভোজ (ডিনার) উপভোগ করেন। উদ্বোধনী দিনের বিশেষ মেন্যুতে থাই স্যুপ, এপেটাইজার থেকে শুরু করে মূল পদের প্রতিটি খাবারই ছিল স্বাদে অনন্য ও পরিবেশনে আকর্ষণীয়।

উদ্বোধনী আয়োজন শেষে অতিথিরা ‘থাই নারা’র সাফল্য কামনা করে বলেন, জ্যাকসন হাইটসের মতো একটি ব্যস্ত ও বৈচিত্র্যময় এলাকায় এমন একটি মানসম্পন্ন থাই রেস্তোরাঁ প্রবাসী বাঙালি তো বটেই, অন্যান্য কমিউনিটির মানুষের কাছেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। চমৎকার ডেকোরেশন, অভিজ্ঞ শেফের জাদু এবং আন্তরিক আতিথেয়তার কারণে ‘থাই নারা’ নিউইয়র্কের ফুড লাভারদের প্রিয় তালিকায় জায়গা করে নেবে—এমনটাই প্রত্যাশা সবার।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension