
সোহানুজ্জামান মেহরান
ঝুঁকি নিলে উঁকি দেয় কত আশা দুয়ারে,
ঝুঁকিহীন সাফল্য আসে না তো জোয়ারে।
ভাবনায় মশগুল রবে কত দাঁড়িয়ে?
ঝুঁকি নিয়ে সম্মুখে দু’পা দাও বাড়িয়ে।
ঝুঁকিহীন কারো দিন সাফল্যে রাঙেনি,
সেই থাকে তলানিতে যার ঘুম ভাঙেনি।
ভোরে যদি পড়ে থাকো লেপ-কাঁথা মুড়িয়ে,
ওরা হবে নামকরা সফলতা কুড়িয়ে।
তুমি হবে ভূমিহীন, অলসের কারণে,
কেমনে বিজয়ী হবে? যদি যাও না রণে।
ঝুঁকি নিয়ে সুখি হও টাকাকড়ি জমিয়ে,
অলসতা ভেঙে গেলে রাখবে কে দমিয়ে?
মতগুলো সৎ হলে পথ হবে সাজনো,
পর থেকে শিখে নিও যাহা তুমি না জানো।
সুপথের গলি বেয়ে ঝুঁকি নিয়ে আসো না,
নিয়ত থাকলে ঠিক পুরা হবে বাসনা।



