
বাংলাদেশ
টাঙ্গাইলে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত
ঢাকা প্রতিনিধি:টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা চাপায় মো. আব্বাস শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন ।
২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের ভালকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. আব্বাস শেখ উপজেলার ভালকুটিয়া গ্রামের বাসিন্দা।
নাগরপুর থানা পুলিশের (ওসি) মাঈন উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আব্বাস শেখ টাঙ্গাইল-আরিচা সড়ক পার হওয়ার সময় ধুবুরিয়াগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে আব্বাস শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।



