যুক্তরাষ্ট্র

ট্রাম্পের কাছে কাছে পাঠানো চিঠিতে বিষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মাখানো ছিল বলে রিপোর্ট করছে দেশটির গণমাধ্যম। তবে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই সেই চিঠি জব্দ করা হয়েছে।

হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো যে কোনও চিঠি সেখানে পৌঁছানোর আগেই পরীক্ষা-নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। সেখানেই বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, খামের ভেতরে চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল। ক্যাস্টর অয়েল তৈরি হয় যে বীজ থেকে, সেই একই বীজ থেকেই তৈরি করা হয় এই রাইসিন বিষ।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বলছে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোঁটা লবণদানার সমপরিমাণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটাতে পারে।

রাইসিন কোনভাবে খেয়ে ফেললে, নিঃশ্বাসের সঙ্গে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, শরীরের ভেতরে রক্তক্ষরণ ও বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। কতটুকু পরিমাণ রাইসিন শরীরে প্রবেশ করেছে, তার ওপর নির্ভর করে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে এখন পর্যন্ত কোনও প্রতিষেধক নেই।

এই চিঠির প্রেরকের খোঁজ করছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই এবং প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। সেই সাথে অন্য আরও কাউকে একই ধরনের চিঠি পাঠানো হয়েছে কিনা, সেটিও তদন্ত করছে সংস্থা দুটি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension