
ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসি: সৌদি যুবরাজ
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমি ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসি।’ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকবে না-ট্রাম্পের এমন বক্তব্যের কয়েকদিনের মাথায় সৌদি যুবরাজের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো।
শুক্রবার (৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দুই নেতার অর্জন অনেক। বিশেষ করে চরমপন্থা, চরমপন্থি দর্শন, সন্ত্রাসবাদ ও দায়েশ (আইএস) বিরুদ্ধে দুই নেতার উল্লেখযোগ্য অর্জন রয়েছে।
সৌদি সরকারের অস্তিত্ব নিয়ে ট্রাম্পের তীর্যক মন্তব্যের দিকে ইঙ্গিত করে যুবরাজ বলেন, মিত্রদের মধ্যে মতবিরোধ থাকা স্বাভাবিক। যে কোনও বন্ধুই আপনার ভালো-খারাপ নিয়ে বলবে। শতভাগ বন্ধু আপনাকে ভালো বলবে না, এমনকি আপনার পরিবারও না। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। আমরা বিষয়টিকে ওই ক্যাটাগরিতেই ফেলতে চাই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যত অস্ত্র পেয়েছি, তার দাম শোধ করেছি। কোনো কিছুই বিনামূল্যে দেয়া হয়নি। সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শুরু হওয়ার পর থেকে সবকিছুই আমরা অর্থের বিনিময়ে ক্রয় করেছি।
মোহাম্মদ বিন সালমান বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তাহলে দেখবেন, তারা বিনামূল্যে দাস পেতে চেয়েছে। কিন্তু গৃহযুদ্ধ দিয়ে তার মূল্য শোধ করতে হয়েছে। এতে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র বিভক্ত ছিল।
এমনকি যুক্তরাষ্ট্রে দাসত্ব থেকে মুক্তি পেতে হাজার হাজার মানুষকে জীবন বিলিয়ে দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সৌদি এই যুবরাজ বলেন, ‘কিন্তু আমরা কোনো গৃহযুদ্ধ ছাড়াই উগ্রবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে চাই। আমাদের দেখতে হচ্ছে, যাতে দেশের উৎপাদন ব্যাহত না হয় এবং সবকিছুতে উন্নয়ন অব্যাহত থাকে।
গত মঙ্গলবার মিসিসিপিতে এক সমাবেশে মিত্রদেশ সৌদি আরব নিয়ে সবচেয়ে তিক্ত কথাটি বলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন কঠিন বাক্যবিনিময়ের পরেও দেশদুটির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। মধ্যেপ্রাচ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের আধিপত্য রুখতে যেটাকে সুরক্ষাপ্রাচীর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।



