
ডা. বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী
আজ ডা. বিধান চন্দ্র রায়ের ১৩৮ তম জন্ম দিবস এবং ৫৯ তম মৃত্যু দিবস।
১৮৮২ সালে এই দিনে বিহারের পাটনাতে জন্মেন বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন প্রথম দিন থেকেই লেখাপড়ায় যথেষ্ট মেধাবী।
১৯১১ সালে ইংল্যান্ড থেকে এফআরসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোলকাতার ক্যাম্বেল মেডিকেল স্কুলে (বর্তমানে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) শিক্ষকতা ও চিকিৎসা ব্যবসা শুরু করেন।
পরে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন ও আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন।
১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রভাবে রাজনীতিতে যুক্ত হয়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন।
এরপরে কোলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কোলকাতা পৌরসংস্থার মেয়র নির্বাচিত হন।
১৯৩১ সালে মহাত্মা গান্ধীর আহ্বানে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন।
১৯৪২ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন।
১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে আইনসভায় নির্বাচিত হন।
১৯৪৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল। এ কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়।
১৯৬১ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন।
মৃত্যুর পর তার সম্মানে কোলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর।
তার জন্ম ও মৃত্যুদিন ১ জুলাই ভারতে ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালিত হয়। ⛘



