
ডিসেম্বরের মধ্যেই করোনার টিকা অনুমোদনের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
ডিসেম্বর নাগাদ করোনাভাইরাসের টিকা অনুমোদন দেওয়ার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। রাশিয়া বিশ্বে প্রথম ভাইরাসটির টিকা অনুমোদন দেওয়ার পর পর মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স অ্যাজার এমন কথা বলেছেন।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা ব্যবহারের জন্য বিধিসম্মত অনুমোদন দেওয়া হয়েছে। গত দুমাস ধরে এই টিকা মানব শরীরে পরীক্ষা করা হয়েছে।
পরে অ্যালেক্স অ্যাজার বলেন, প্রথম হওয়াটাই বিষয় নয়। গুরুত্বপূর্ণ হলো এমন একটি টিকা পাওয়া, যেটি আমেরিকার জনগণ ও বিশ্বের মানুষের জন্য নিরাপদ এবং কার্যকর হবে।
এবিসির গুডমর্নিং আমেরিকা শো’তে তিনি বলেন, আমাদের স্বচ্ছ তথ্য প্রয়োজন। তৃতীয় ধাপের পরীক্ষার তথ্য থাকতে হবে, যা টিকা নিরাপদ ও কার্যকর বলে প্রমাণ দেবে।
অ্যাজার বলেন, আমেরিকায় করোনাভাইরাসের ছয়টি টিকা এখন পরীক্ষার পর্যায়ে আছে। আমরা বিশ্বাস করি, ডিসেম্বর নাগাদ এফডিএর গোল্ড স্ট্যান্ডার্ডের লাখ লাখ ডোজ এবং নতুন বছরে কোটি কোটি ডোজ পাওয়ার সঠিক পথে আমরা আছি।
তবে যুক্তরাষ্ট্রে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা মডার্নার টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফল ২০২১ সালের আগে পাওয়া যাবে না বলে প্রকাশিত খবরের বিষয়ে অ্যাজারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
জবাবে তিনি বলেন, এটি নির্ভর করছে কত দ্রুত লোকজন চলমান এই পরীক্ষায় অংগ্রহণ করেন তার ওপর।❐
বিবিসি



