প্রধান খবরবাংলাদেশ

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করছে সরকার’

রূপসী বাংলা নিউজ ডেস্ক: সরকার ডেঙ্গু মহামারীতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন একজন কর্মকর্তা এক ব্রিফিংয়ে বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। বাস্তব ঘটনা হচ্ছে সরকার ডেঙ্গু মহামারীতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ নিয়ন্ত্রণ করছেন। প্রতিদিন দেশের কোন না কোন অঞ্চলে বা হাসপাতালে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। রোগীতে ঠাসা দেশের সরকারী বেসরকারী হাসপাতালগুলো। এমনকি সরকারী হাসপাতালগুলো খালিস্থানে অতিরিক্ত বেডের ব্যবস্থা করেও ঠেকানো যাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীদের ঢল। ডেঙ্গুতে মৃতের সংখ্যা শতাধিক ছাড়ালেও সরকার এ নিয়ে এখনও গুজব আবিস্কারের মধ্যেই আছে।

তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, এডিস মশা মারার জন্য কার্যকর ঔষধ আনা হয়েছে। প্রকৃত অবস্থা হচ্ছে এই ছিটানো ঔষধে এডিস মশা আরো উৎসাহিত হয়ে সন্তান সন্ততি ব্যাপকভাবে উৎপাদন করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা রীতিমত বাকওয়াস।

রিজভী বলেন, ডেঙ্গু আক্রমণের পূর্বেই প্রস্তুতির অভাব এবং ডেঙ্গু রোগে মহামারীতে সারাদেশ আক্রান্ত হওয়ার পরও সরকারের উচ্ছাস ও তামাশারও কোন কমতি নেই। তাই আওয়ামী নেতা-মন্ত্রীদের ফটোসেশনে কাজ হবে না, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।

বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দীত্বের আজ ৫৬০তম কালিমালিপ্ত দিবস। সুচিকিৎসার অভাবে চারবারের সাবেক প্রধানমন্ত্রীর শারিরীক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে। সারাদেশের সর্বস্তরের মানুষের অব্যাহত দাবির পরও সম্পূর্ণ নিরপরাধ বেগম জিয়াকে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থে ক্ষমতার মত্ততায় কারারুদ্ধ রাখা হয়েছে।

৭৫ বছর বয়স্কা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অবজ্ঞা-উপহাস না করে দ্রুত তাকে মুক্তি দেওয়ার সরকারে প্রতি আহ্বান জানান রিজভী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension