
কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত বাংলাদেশি নারী
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করতে আসা এক নারীকে কুপ্রস্তাব দেওয়া ও হেনস্থা করার অভিযোগ উঠেছে।
অভিযোগ, কুপ্রস্তাবে রাজি না হওয়াতে ওই বাংলাদেশি নারীর পাসপোর্ট আটক করার হুমকি দিয়েছেন স্থানীয় এক বাড়িওয়ালা। অবশেষে পুলিশের দ্বারস্থ হলো ওই বাংলাদেশি পরিবারটিকে।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার গুমা প্রবোধ নগর এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন শিবানন্দ বাছাড়, তার স্ত্রী পল্লবী মন্ডল ও তাদের ছোট মেয়ে এবং শিবানন্দ বাছাড়ের শ্বশুর ও শাশুড়ি। বাংলাদেশের খুলনা জেলার বঠিয়াঘাটা থানার হেতালবনিয়া এলাকার বাসিন্দা শিবানন্দ বাছাড়। ভারতে তাদের পরিচিত আত্মীয় স্বজন রয়েছে। তাদের সুত্র ধরেই অশোকনগর থানার সমীর বিশ্বাসের সাথে তাদের পরিচয় হয়। সেই সুবাদে পূর্ব পরিচিত গুমা প্রবোধ নগরের বাসিন্দা সমীর বিশ্বাসের বাড়িতেই ঘর ভাড়া নিয়ে চিকিৎসা শুরু করেন মেয়ে ও শ্বশুর শাশুড়ির।
সমীর বিশ্বাসের বাড়িতে একটি ঘর পনেরোশো রুপির বিনিময়ে তারা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তবে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাতে এবং ভারতে থাকার কারণে তাদের কাছে থাকা টাকা শেষ হয়ে যায়। যার ফলে স্ত্রী সন্তান এবং মা বাবাকে ভারতে রেখে টাকা আনতে শিবানন্দ বাবু বাংলাদেশে ফিরে যান।
পল্লবী মন্ডলের অভিযোগ, বাড়িওয়ালা সমীর বিশ্বাস তার স্বামী না থাকার সুযোগে তাকে কুপ্রস্তাব দেন এবং হেনস্থা করেন। পাশাপাশি একটি সাদা কাগজে সই করিয়ে নেন যেখানে সমীর এক লক্ষ টাকা শিবানন্দ বাছাড়ের কাছে পায় বলে লেখা রয়েছে। এছাড়াও বাড়িওয়ালা সমীর বিশ্বাস তাদের ব্যাগ খুলে তিনজনের পাসপোর্ট এবং একটি সোনার চেন নিয়ে নেয় বলেও অভিযোগ।
এদিকে বাংলাদেশ থেকে আসা এই পরিবারটির এলাকায় কারো সঙ্গে চেনাজানা না থাকায় বিষয়টি নিয়ে কি করবে ভেবে পাচ্ছিলেন না তারা। অবশেষে ওই এলাকার মেম্বারের কাছে শরনাপন্ন হন তারা। বিষয়টি শোনার পর মেম্বারের চেষ্টায় অশোকনগর থানায় তাদের নিয়ে আসা হয় এবং তারা অভিযুক্ত সমীর বিশ্বাসের নামে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অশোকনগর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।



