ড্রোন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টায় চালানো ড্রোন হামলার পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। তবে এ ঘটনার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে হোয়াইট হাউস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। পেসকভ (ক্রেমলিনের মুখপাত্র) যে অভিযোগ এনেছেন, তার কোনো ভিত্তি নেই।’
যদিও ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, কিয়েভ এবং ওয়াশিংটনের পক্ষে ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করার চেষ্টা ‘একদম হাস্যকর’।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু ঠিক করছে; আর সেই পরিকল্পনা যে বাস্তবায়ন করছে ইউক্রেন, তা রাশিয়ার জানা। সে সম্পর্কে ওয়াশিংটনের অবগত থাকা উচিত।
বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার লক্ষ্যে মঙ্গলবার (২ মে) রাতভর ড্রোন হামলার চেষ্টা করেছে ইউক্রেন।
ক্রেমলিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ওই সময় ক্রেমলিনে ছিলেন না। তাছাড়া হামলায় ক্রেমলিন ভবনেরও কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, তবে তারা এটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছেন এবং রাশিয়া এর চরম প্রতিশোধ নেয়ার অধিকার রাখে।
এরপরই এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ড সফরকালে বুধবার (৩ মে) এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।
এদিকে, হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে মস্কোর আকাশে অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন শহরটির মেয়র সের্গেই সবইয়ানিন। একই সঙ্গে কেউ এই নির্দেশনা অমান্য করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি করার হুঁশিয়ারিও দেয়া হয়।



