
ঢালিউড অ্যাওয়ার্ড ১৭ এপ্রিল আটলান্টিক সিটি, ২২ নিউইয়র্কে
রূপসী বাংলা ডেস্ক:উত্তর আমেরিকা তথা প্রবাসে বাঙালি সংস্কৃতির লালন ও বিকাশে দুই দশকেরও অধিক সময় যাবত কর্মরত ‘শো-টাইম মিউজিক এ্যান্ড প্লে’র উদ্যোগে এবারও ‘১৭তম ঢালিউড ফিল্ম এ্যান্ড মিউজিক এওয়ার্ড’র বর্ণাঢ্য আসর বসবে নিউজার্সি ও নিউইয়র্ক সিটিতে।
২৬ মার্চ সোমবার নিউইয়র্কে ‘মিট দ্য প্রেস’-এ এ তথ্য জানান সংস্থাটির প্রধান আলমগীর খান আলম। গত ১৬ বছর এ এওয়ার্ড বিতরণের অনুষ্ঠান শুধুমাত্র একটি সিটিতে হলেও এবার তার ব্যতিক্রম। ১৭ এপ্রিল বিশ্বখ্যাত ক্যাসিনো অধ্যুষিত আটলান্টিক সিটিতে এবং ২২ এপ্রিল নিউইয়র্ক সিটিতে এই আসর বসবে।
আলম জানান, আগের মতো এবারও অনলাইনে ভোট নেয়া হচ্ছে বিভিন্ন ক্যাটাগড়িতে পুরস্কার প্রদানের জন্যে। বাংলাদেশের চলচ্চিত্র এবং টিভি জগতের খ্যাতনামা শিল্পী-অভিনেতা-অভিনেত্রীরা আসবেন। থাকবে চমক সারা জাগানো শিল্পী-অভিনেতাদের। এ সময় নিউইয়র্ক ইন্স্যুরেন্স এর সিইও ও প্রেসিডেন্ট শাহনেওয়াজ সেখানে ছিলেন এবং এওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন।



