
তৃণমূল, বিজেপিকে গুরুদাস দাশগুপ্তের স্মরণ সভায় ডাকছে সিপিআই
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাজ্যের সব বড় দলকেই গুরুদাস দাশগুপ্তের স্মরণ সভায় আনতে চাইছে সিপিআই৷ এজন্য আগামী শনিবার মহাজাতি সদনে গুরুদাস দাশগুপ্তর স্মরণে যে সভায় আয়োজন করা হচ্ছে সেখানে উপস্থিত থাকার জন্য তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বাম দলগুলির শীর্ষ নেতৃত্বকে আহ্বান জানাতে চলেছে সিপিআই।রবিবার সিপিআই রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে প্রয়াত এই শ্রমিক নেতার স্মরণসভা নিয়ে আলোচনায় হয়।
গত ৩১ অক্টোবর সকালে সিপিআই-এর প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্তের জীবনাবসান ঘটে৷ এই নেতার প্রয়াণের পর প্রথম সারির সমস্ত দলের নেতাদেরই শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছিল।শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘‘সাংসদ এবং শ্রমিক সংগঠনের নেতা হিসেবে ওঁর অবদান মনে রাখবে দেশ।’’ তবে চিরকাল সঙ্ঘ বিরোধী গুরুদাসবাবুর স্মরণসভায় বিজেপি নেতৃত্বকে ডাকা নিয়ে কিছুটা দ্বিধায় ছিল দলীয় নেতৃত্ব।
তবে সঙ্গী বাম দলগুলির পাশাপাশি কংগ্রেস ও তৃণমূল যেমন প্রয়াত এই শ্রমিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তেমনই বিজেপির দুই নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায়ও পিস হাভেনে এসেছিলেন গুরুদাস দাশগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাতে৷ফলে স্মরণসভা তেমন কোনও ছুৎমার্গ রাখতে চায়নি দলও৷ তবে বাম শরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকার পাশাপাশি তৃণমূলকেও ডাকার ব্যাপারে বিশেষ আলোচনা করতে হয়নি এই বৈঠকে বলে জানা গিয়েছে। এদিকে, গুরুদাস দাশগুপ্তের মৃত্যুর পর প্রোটোকল ভেঙে দলের রাজ্য দফতর ভূপেশ ভবনে এসে প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার।
তবে এই স্মরণসভাটিতে রাজনৈতিক দলগুলির বাইরে গিয়ে রাজ্যপালকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। মহাজাতি সদনে প্রয়াত এই নেতার স্মরণসভায় সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা সহ দলের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।



