
দুর্গোৎসবে নারীদের সিঁদুর খেলা
সুব্রত চৌধুরী- সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সিঁদুর খেলা।
দশমীর দিন দেবী দুর্গাকে বিসর্জনের বিদায় দেওয়ার আগে তাঁর সিঁথিতে সিঁদুর মাখানোর পর অবশিষ্ট সিঁদুর দিয়ে নারীরা একে অপরকে রাঙিয়ে দেন। এটি মূলত বিবাহিত নারীদের খেলা। মাথার এক প্রান্ত থেকে শুরু করে পুরো সিঁথি জুড়ে থাকে এই সিঁদুর। এই লাল রঙকে ধরা হয় শক্তির প্রতিরূপ হিসেবে।
এই সিঁদুর খেলার অন্যতম গুরুত্ব হলো, বিবাহিত নারীরা তাঁদের সিঁদুরের স্থায়িত্ব অর্থাৎ তাদের স্বামীর দীর্ঘজীবন কামনার উদ্দেশ্যেই সিঁদুর খেলা খেলে থাকেন।
বিবাহিত নারীরা ব্যতীত এটি অবিবাহিত মেয়েরাও খেলে থাকেন। অবিবাহিত নারীদের বিবাহিত নারীরা এজন্যই সিঁদুর পরিয়ে দেন, যাতে দুর্গা মায়ের আশীর্বাদে তাদের ভবিষ্যৎ বিবাহিত জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।
দুর্গোৎসবের শেষ দিন সিঁদুর খেলায় মেতেছিল প্রবাসী হিন্দু নারীরা। দেবী দুর্গার বিদায়ের আগে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। সকালে পূজা অর্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন।



