
দেশে কারা মৌলবাদ ছড়াচ্ছে? রাজনাথকে প্রশ্ন আসাদুদ্দিনের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেশে মৌলবাদ কারা ছড়াচ্ছে? ভারতীয় মুসলিমরা নাকি বিশ্ব হিন্দু পরিষদ? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন আসাদুদ্দিন ওয়াইসি।
দেশে মৌলবাদ প্রবেশ করতে না দেওয়া এবং মৌলবাদীদের প্রশ্রয় না দেওয়ার জন্য ভারতীয় মুসলিমদের প্রশংসা করেছেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকেই আক্রমণ করলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে রাজনাথ বলেন, “আমি ভারতের মুসলিমদের প্রশংসা করতে চাই। কারণ তাঁরা দেশে মৌলবাদকে প্রশ্রয় দেয়নি এবং মৌলবাদ ছড়াতেও দেয়নি।”
একই সঙ্গে ওই দিনেই অযোধ্যায় রাম মন্দির গঠনে অর্ডিন্যান্স জারির দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ৷ শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি বৈঠকে বসে৷ বৈঠক শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি স্মারকলিপি দিয়ে আসেন তারা৷

ওই বৈঠকের পরে প্রাক্তন সাংসদ তথা বিশ্ব হিদু পরিষদের নেতা রাম বিলাস বেদান্তি সাংবাদিকদের জানান, সরকারের উচিত আইন পাশ করে রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা৷ দরকার পড়লে শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স আনুক৷ লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই রামমন্দির নির্মাণের দাবি জোরালো করছে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু সংগঠনগুলি৷
এই দুই বিষয় নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথকে আক্রমণ করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। দেশে কারা মৌলবাদ ছড়াচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সেই প্রশ্ন তুলেছেন হায়দরাবাদের সাংসদ।

রাজনাথ সিং এবং বিশ্ব হিন্দু পরিষদ সম্পর্কে শনিবার মুখ খুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি। এআইএমআইএম প্রধান বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মুসলিমরা মৌলবাদকে প্রশ্রয় দেয় না। একই সময়ে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির নির্মাণে অর্ডিন্যান্স জারি করতে চাইছে। কারা মৌলবাদ ছড়াচ্ছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রীই ঠিক করুক।”



