
নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক
প্রযুক্তি জগতের প্রভাবশালী উদ্যোক্তা এলন মাস্ক নীরবে পিছিয়ে যাচ্ছেন তার ঘোষিত নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রিপাবলিকানদের দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক গত জুলাইয়ে ঘোষণা দিয়েছিলেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন, যা ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই বড় দলের বিকল্প হিসেবে দাঁড়াবে। কিন্তু সূত্র জানাচ্ছে, বর্তমানে তিনি তার ব্যবসায়িক সাম্রাজ্যের স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছেন এবং শক্তিশালী রিপাবলিকান নেতাদের বিরূপ না করতেই এই উদ্যোগ থেকে সরে আসছেন।
রাজনীতিতে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় মাস্কের বিভিন্ন কোম্পানি ক্ষতির মুখে পড়ে, ফলে তাকে ব্যবসার দিকেই মনোযোগ ফেরানোর জন্য চাপ দেওয়া হয়। একই সময়ে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করছেন। ভ্যান্স বর্তমানে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের উদীয়মান এক গুরুত্বপূর্ণ মুখ। মাস্ক আশঙ্কা করছেন, নতুন দল নিয়ে এগোলে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাস্ক ভ্যান্স যদি ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়েন, তবে তাকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এর আগে তিনি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে প্রায় ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন না, তবু তিনি এ বিষয়ে উপায় খোঁজার ইঙ্গিত দিয়েছেন।
এরই মধ্যে ভ্যান্সও মন্তব্য করেছেন যে ট্রাম্প থেকে সরে আসা হবে রাজনৈতিকভাবে বড় ভুল। তিনি বলেছেন, “আমার আশা, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের সময়ের মধ্যে মাস্ক আবার দলে ফিরে আসবেন।” ওই নির্বাচনে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের ডজনখানেক আসন হুমকির মুখে থাকবে, যা প্রেসিডেন্টের জনপ্রিয়তার বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
তবে মাস্কের ‘আমেরিকা পার্টি’ উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। গত জুলাইতেই তার দল তৃতীয় রাজনৈতিক শক্তি গঠনের উদ্যোগ নেওয়া সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ বাতিল করে। এমনকি লিবার্টেরিয়ান পার্টির নেতারাও জানিয়েছেন, মাস্কের কাছ থেকে আর কোনো সাড়া তারা পাননি। লিবার্টেরিয়ান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান স্টিভেন নেখাইলা বলেন, “এ যেন এক ধরনের ভৌতিক নীরবতা।”
রাজনৈতিক মহল মনে করছে, আপাতত মাস্কের এ সিদ্ধান্ত রিপাবলিকানদের জন্য একপ্রকার স্বস্তি, কারণ আশঙ্কা ছিল একটি নতুন দল গড়ে উঠলে তা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ভোট ভাগ করে দিতে পারে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রে বহুবার তৃতীয় দল গঠনের চেষ্টা হলেও মূলত তা টিকে থাকতে ব্যর্থ হয়েছে।
মাস্ক যদিও পুরোপুরি পরিকল্পনা বাতিল করেননি, তবে অন্তত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি রাজনীতির চেয়ে তার ব্যবসায়িক ভবিষ্যৎকেই অগ্রাধিকার দিচ্ছেন।



