
নাজমুল হুদাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল ১৮ নভেম্বর রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার কারাদণ্ড বহাল রাখার রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
রায় গ্রহণের ৪৫ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই বিচারিক আদালতকে
নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
রায়ে বলা হয়েছে, দুর্নীতি একটি অভিশাপ। সমাজের সর্বত্রই দুর্নীতি দেখা যাচ্ছে। কোনো সরকারি কর্মচারীর দুর্নীতি শুধু সমাজের ভিত্তিকেই ক্ষয় করে না, তা জাতীয় স্বার্থ ও অর্থনীতির জন্যও ক্ষতিকর।
এতে বলা হয়, যখন একজন ব্যক্তি সরকারের কোনও শীর্ষ পদে যায় এবং ক্ষমতার অপব্যবহার করে, তখন ওই দুর্নীতি দেশের অর্থনীতি, জাতীয় স্বার্থ ও ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করে।
প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় নাজমুল হুদাকে ৭ বছরের এবং তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের পুনঃশুনানি শেষে গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট নাজমুল হুদাকে ৪ বছরের কারাদণ্ড দেয়। একইসঙ্গে রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।



