
নাফটা আলোচনায় কোনও ছাড় নয়: ট্রুডো
রূপসী বাংলা ডেস্ক: নর্থ আমেরিকান ফ্রি ট্রেড-নাফটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ শর্তগুলোতে কোনও ছাড় দেওয়া হবে না বলে মঙ্গলবার জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও কানাডার সিনিয়র কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে।
ব্রিটিশ কলোম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘নাফটা নিয়ে আলোচনায় আমাদের কয়েকটি বিষয়ের প্রতি অবশ্যই দৃষ্টি দিতে হবে। আমি মনে করি, কানাডার জনগণের জন্য একটি বাজে চুক্তির চেয়ে বরং কোনও চুক্তিতে না থাকাটাই ভালো।’ তিনি বলেন, ‘কানাডার জন্য অলাভজনক কোনও চুক্তিই সই করা হবে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই বেরিয়ে আসবো। কেননা, উল্লেখিত চ্যাপটার ১৯ চুক্তি থেকে বাদ দেওয়া কানাডার জনগণের জন্য মোটেও সুফল বয়ে আনবে না।’
এর আগে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সঙ্গে একটি পৃথক চুক্তি করেন। এর পাশাপাশি, কানাডার ওপর বাড়তি করারোপ এবং দ্রুত কোনও সমাধানে না পৌঁছাতে পারলে তিনজাতি চুক্তি থেকে কানাডাকে বাদ দেওয়ারও হুমকি দেন ট্রাম্প। রয়টার্স



