
নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে লাগাতার ধর্ষণ ও বিক্রির চেষ্টা
নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে প্রেমিক মোশারফ গায়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। রোববার (১১ জুলাই) আদালতে তোলা হয় তাকে।
জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। সপ্তম শ্রেণির ছাত্রী সে। হঠাৎ একদিন ভুল নম্বর থেকে ফোন গিয়েছিলো তার ফোনে। সেখান থেকেই পাশের গ্রামের বাসিন্দা মোশারফ গায়েনের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে শুরু নিয়মিত কথা বলা। অল্পদিনের মধ্যেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তারা।
নাবালিকা মেয়েটি জানিয়েছে, সম্পর্ক চলাকালীন একাধিকবার প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে সে। অভিযোগ, বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণও করে মোশারফ। এমনকি নাবালিকা প্রেমিকাকে বিক্রির ছকও কষেছিল সে। মেয়েটি সেটা টের পেয়ে গিয়েছিল। এরপরই বু্দ্ধি করে পরিবারের সদস্যদের গোটা বিষয়টি খুলে বলে সে।
এরপরই নাবালিকা ওই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে মোশারফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার আদালতে তোলা হয়েছে তাকে।
নাবালিকাকে বিক্রির চেষ্টার ঘটনায় আর কে বা কারা জড়িত ছিলো, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।



