
নামাজের সময় ব্রিটেনে মসজিদে হামলা
রূপসী বাংলা ডেস্ক:সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের সময় ব্রিটেনের দু’টি মসজিদে হামলা চালানো হয়েছে। ওই মসজিদগুলোতে গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করা হয়। এতে মসজিদের বেশ কিছু জানালার কাঁচ ভেঙে গেছে। যুক্ত্যরাজ্যের মুসলিম সংগঠন গুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার বার্মিংহাম শহরের কামরুল ইসলাম মসজিদ এবং আল হিজরাহ মসজিদে গুলতি দিয়ে বল আকৃতির পাথর মসজিদগুলোর জানালায় নিক্ষেপ করা হয়।এ হামলার পর স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, নিরাপত্তার জন্য মসজিদের আশেপাশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই আক্রমনের তদন্তের জন্য একটি তদন্তকারী কমিটি গঠন করেছে এবং দরকার হলে সেখানে আরও সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।
বাহু ট্রাস্ট নামে একটি সংগঠন যারা বার্মিংহামের বেশ কয়েকটি মসজিদ পরিচালনা করেন এ হামলার ব্যাপারে তাদের পক্ষ থেকে বলা হয় আমরা এখনও এই হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত নই, তবে বল আকৃতির এই পাথরগুলো দিয়ে যে কাউকে হত্যা করা সম্ভব।
নিরাপত্তা বেষ্টনীতে গাড়ি উঠিয়ে দেয়ার দায়ে গত মঙ্গলবার জঙ্গি সন্দেহে বার্মিংহামে ২৯ বছর বয়সী একজনকে গ্রেফতার করার পর পরই বুধবার মসজিদে এ হামলা চালানো হয়।
আল হিজরাহ মসজিদে নামাজ আদায় করেন নাভিদ সাদিক নামে একজন স্কাই নিউজকে জানায়, লন্ডনের ঘটনার সাথে এর যোগসূত্র রয়েছে বলে আমার মনে হয়।
গত মাসে তেল মামা ইউকের তরফ থেকে জানানো হয় যে, ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামবিদ্বেষকে কেন্দ্র করে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি বলছে, ২০১৭ সালে ম্যানচেস্টারে হামলার পর মুসলিম বিদ্বেষী হামলা প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে ওই হামলার ঘটনায় ২২ জন নিহত এবং আরও কয়েকশ মানুষ আহত হয়।



