
নারীবিষয়ক পর্ষদ থেকে ইরানকে বহিষ্কার করল জাতিসংঘ
জাতিসংঘের নারীবিষয়ক পর্ষদ থেকে ইরানকে বহিষ্কার করা হয়েছে। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ এবং নারীদের মানবাধিকার পরিপন্থি জাতীয় নীতিমালার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরার।
জাতিসংঘের নারীবিষয়ক একটি পর্ষদ থেকে তেহরানকে বাদ দেওয়ার এ প্রস্তাব করে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে বলা হয়, ইরান সরকারের বিভিন্ন নীতি নারী ও মেয়েশিশুদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এরই পরিপ্রেক্ষিতে বুধবার জাতিসংঘের ৫৪ সদস্যের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) নারীর অধিকারের পদ্ধতিগত লঙ্ঘনের অভিযোগে মার্কিন-খসড়া প্রস্তাব গ্রহণের পক্ষে ভোট হয়। ২৯-৮ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। ভোট প্রদানে বিরত ছিল ১৬টি দেশ। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
ভোটের পর জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড টুইটারে বলেন, ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো নারীর মর্যাদা-সংক্রান্ত কমিশন থেকে ইরানকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপ নেওয়ার জন্য ইরানি নারী ও কর্মীরা আমাদের আহ্বান জানিয়েছিলেন। এরই অংশ হিসেবে আমরা এটি সম্পন্ন করেছি।’
এদিকে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হতাশা প্রকাশ করেছে তেহরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এমন পদক্ষেপ একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করবে।



