নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১’-এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শাহ্ জে. চৌধুরী, নিউইয়র্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংগঠন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারান্স ১৯৭১, ইউএসএ ইনক.’। এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টি. মোল্লা।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজের সভাপতিত্বে এবং ড. সেলিনা আফরীন রিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা দাউদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, লেখক-শিল্পী ও মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, সাংবাদিক শাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, আকতার হোসেন, জাকির হোসেন হিরু ভূঁইয়া এবং লেখক ওবায়দুল্লাহ মামুন প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালী এবং কবি হাসান আল আব্দুল্লাহ।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলন, ছয় দফা এবং মুক্তিযুদ্ধের ধারাবাহিক সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করেন।

অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও আত্মত্যাগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গভাবে তুলে ধরা সম্ভব নয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখতে বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক-শিল্পীসহ স্বাধীনতার সপক্ষের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রবাসের মাটিতে আয়োজিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension