
রিচি সোলায়মানের হৃদয়ছোঁয়া অভিনয়ে আবেগাপ্লুত দর্শক, আজিজুল হাকিমের অভিনয়জীবনের ৫০ বছর
হুমায়ূন কবীর ঢালী: প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা নাটক, গান ও সংস্কৃতির শেকড়কে আরও গভীরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নিউইয়র্কে মঞ্চস্থ হলো নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের নতুন মঞ্চনাটক ‘বিবাহ সমাচার’। রোববার, ২৩ আগস্ট সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এ নাট্যসন্ধ্যা পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।
জিনাত হাকিমের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, রিচি সোলায়মান, তহমিনা সোনিয়া, রওনক দিপ্তী, সায়লা আফতাব ও কামাল মোহাম্মদ। শিল্পীদের সাবলীল অভিনয়, সংলাপ উপস্থাপন এবং চরিত্রের গভীরে প্রবেশের দক্ষতা দর্শকদের মুগ্ধ করে রাখে পুরো নাটকজুড়ে।
বিশেষ করে চামেলী চরিত্রে রিচি সোলায়মানের অভিনয় সন্ধ্যার অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। চরিত্রটির বেদনা ও অনুভূতিকে এতটাই গভীরভাবে ধারণ করেছিলেন তিনি যে, দৃশ্য শেষ হওয়ার পরও তাঁকে বারবার চোখ মুছতে দেখা যায়। তাঁর আবেগঘন অভিনয়ে উপস্থিত অনেক দর্শকের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে।
অভিনয়জীবনের দীর্ঘ পাঁচ দশক পূর্ণ করা গুণী অভিনেতা আজিজুল হাকিমের অভিনয়ও ছিল অনবদ্য। দীর্ঘ অভিনয়-অভিজ্ঞতার পরিণত শিল্পীসত্তা ও চরিত্র নির্মাণের মুন্সিয়ানায় তিনি আবারও দর্শকদের মুগ্ধ করেন।
নাটকের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। সংগীতশিল্পী কামরুজ্জামান বকুল, রিজিয়া পারভীন, আফতাব জনি ও তৃনিয়া হাসানের কণ্ঠে পরিবেশিত গান পুরো সন্ধ্যাকে করে তোলে আরও প্রাণবন্ত। অনুষ্ঠানটি সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন শারমিন সিরাজ সোনিয়া।
নাট্যকার ও পরিচালক জিনাত হাকিম তাঁর রচনা ও নির্মাণশৈলীর জন্য বরাবরের মতোই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। প্রবাসের মাটিতে বাংলা নাটককে নিয়মিত দর্শকের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে উপস্থিত দর্শকরা সাধুবাদ জানান।
‘প্রেমস্ কালেকশনস নিউ ইয়র্ক’-এর আয়োজনে এবং ‘গোল্ডেন এজ হোম কেয়ার’-এর প্রেজেন্টে আয়োজিত অনুষ্ঠানের পাওয়ার্ড বাই ছিল ‘NY Home Care’। টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ জাহিদ।
মূলত কমিউনিটির জনপ্রিয় মুখ ফাহাদ সোলায়মানের উদ্যোগেই এ আয়োজনের সূচনা। এটি ছিল তাঁর পঞ্চম প্রয়াস। এর আগেও পরপর চারবার গুণী নাট্যকার জিনাত হাকিম ও অভিনেতা আজিজুল হাকিমের টিমকে নিয়ে নিউইয়র্কের দর্শকদের উপহার দিয়েছেন নতুন নতুন নাটক।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ‘বিবাহ সমাচার’ শুধু একটি নাট্যপ্রদর্শনী নয়, বরং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ককে আরও একবার উজ্জ্বল করে তোলা এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়।
ছবি
























