
নিউইয়র্কে বসুরহাট পৌর মেয়রকে সংবর্ধনা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্র সফররত নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা দিয়েছে নিউইয়র্ক প্রবাসী কোম্পানিগঞ্জবাসী। সংবর্ধনার জবাবে আব্দুল কাদের মির্জা আগামীতে দলমত নির্বিশেষে বসুরহাটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের কোনি আইল্যান্ড এভিনিউর একটি পার্টি হলে প্রবাসী কোম্পানিগঞ্জবাসী এই সংবর্ধনার আয়োজন করে।
বিশিষ্ট রাজনীতিবিদ রমেশ নাথের সভাপতিত্বে এবং সেলিম চৌধুরী বাবুল ও আরজ হাজারীর যৌথ সঞ্চালণায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুবুর রহমান, হাজী মফিজুর রহমান, আব্দুল মালেক, ইকবাল বাহার চৌধুরী, আশিস কুমার, আবু নাসের, জহিরউদ্দিন সেলিম, ইউসুফ জসিম, রেজাউল করিম চৌধুরী, রাজন ছোটন, আলাউদ্দিন জাহাঙ্গীর, মোশাররফ হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ফজলুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ ড. প্রদীপ রঞ্জন কর, আসাদুল্লাহ বাচ্চু, হাজী ওবায়দুল হক, সালামত উল্লাহ প্রমুখ।

মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, বসুরহাট পৌরসভার ৯৫ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তবে এই সংকট নিরসনে ইতিমধ্যে ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অচিরেই এ ব্যাপারে টেন্ডার আহ্বান করা হবে। তিনি বলেন, মেয়র হিসাবে আমি চেষ্টা করেছি বসুরহাটের সার্বিক উন্নয়নের।

আব্দুল কাদের মির্জা বলেন, আমার বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রবাসীরা তার জন্য দোয়া করেছেন। তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। সকলের দোয়ায় এখন তিনি ভাল আছেন। তিনি বলেন, আমার ভাই নির্বাচনে যত প্রতিশ্রুতি দিয়েছেন তার সবগুলোই বাস্তবায়ন করেছেন। এমন জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি ।
https://www.facebook.com/BanglaChannelNY/videos/421985398442393/
অনুষ্ঠানে প্রবাসী কোম্পানীগঞ্জের পক্ষ থেকে পৌর মেয়রকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



