প্রবাস

নিউইয়র্ক ফোবানা ২০১৯ এ অংশ গ্রহণ নিয়ে লস এঞ্জেলেসে অভাবনীয় চাঞ্চল্য

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ৭ ই অক্টোবর রবিবার হলিউডের চার্চ অব সাইন্টোলজির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ফোবানার মিট এন্ড গ্রিট সন্ধ্যা। অনুষ্ঠান মঞ্চ আলোকিত করে ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা (ফোবানা) ও নিউইয়র্ক ফোবানা ২০১৯ নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন বিভিন্ন স্টেট্ থেকে আগত ২০১৮-২০১৯ ফোবানা চেয়ারপারসন জনাব মীর এইচ চৌধুরী, নিউইয়র্ক ফোবানা ২০১৯ এর কনভেনর নার্গিস আহমেদ, মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর, ফোবানা সাবেক চেয়ারপারসন মাহবুব রেজা রহিম এবং ফোবানার সাবেক মেম্বার সেক্রেটারী মোঃ মাওলা দিলু। ফোবানার মিট এন্ড গ্রিট সন্ধ্যা আয়োজকের পক্ষে মঞ্চে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া এর ডাঃ জয়নুল আবেদিন, বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস এর ডাঃ সিরাজউল্লাহ, বৈশাখী মেলা লস এঞ্জেলেস এর মোঃ আবুল ইব্রাহিম। ২০১৮-২০১৯ ফোবানা কোষাধক্ষ ও বাংলাদেশ কমিউনিটি অব লস এঞ্জেলেস এর মাসুদ রব চৌধুরী ছিলেন আয়োজনের প্রধান আয়োজক ও পুরো অনুষ্ঠানের নির্দেশনায়। আর উপস্থাপনায় ছিলেন লস এঞ্জেলেসের অতি পরিচিত স্বাবলীল উপস্থাপিকা সাজিয়া হক মিমি।

শুরুতেই উপস্থাপিকা মিমি সংক্ষিপ্ত কলেবরে বাংলা ও ইংরেজিতে ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা (ফোবানা) এর পরিচয় ও কার্যক্রম তুলে ধরেন উপস্থিত সুধীজনের মাঝে। তার পর পরই তিনি মাইক্রোফোন তুলে দেন নিউইয়র্ক ফোবানা ২০১৯ এর কনভেনর নার্গিস আহমেদ এর হাতে। নার্গিস আহমেদ ড্রামা সার্কেল নিউইয়র্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ২৮ হাজার নিউইয়র্ক প্রবাসীদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর ২০০৭ সালে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি। তিনি প্রথমেই ফোবানা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ফোবানায় অংশ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে সকলকে নিউইয়র্ক ফোবানা ২০১৯ এ অংশ নেবার আমন্ত্রণ জানান। তিনি বলেন, এবারের ফোবানা কনভেনশন হবে নিউ ইয়র্কের প্রেস্টিজিয়াস সম্প্রতি রেনোভেশন করা নাসাউ কলিসিয়ামে। যেখানে দর্শক ধারণ ক্ষমতা রয়েছে ১৭ হাজার। শুধু নিচ তলার ১০ হাজার আসন রাখা হবে এবারের ফোবানা কনভেনশন এর জন্য। ইতিমধ্যে প্রাথমিক বুকিং মানি পরিশোধ করা হয়েছে। পাশে মেরিয়ট হোটেলে অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

এবারের ফোবানা প্রতিপাদ্য “আওয়ার চিলড্রেন আওয়ার প্রাইড”। নিউ ইয়র্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশী ছাত্র-ছাত্রী ও তাদের সংগঠন গুলোকে ফোবানায় সম্পৃক্ত করা হচ্ছে। ফোবানার মূল মঞ্চে তাদের নিয়ে একটি সমসাময়িক ইস্যুতে ডিবেট আয়োজনের প্রকল্পনার কথাও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এবারের ফোবানা ড্রামা সার্কেলের সভাপতি, নিউইয়র্ক ফোবানা ২০১৯ এর মেম্বার সেক্রেটারী মিডিয়া ব্যক্তিত্ব আবীর আলমগীর এর স্বপ্নের ফোবানা। এবার মাইক্রোফোন তুলে দেওয়া হয় নিউইয়র্ক ফোবানা ২০১৯ এর মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর এর হাতে। তিনি বলেন, তিনি লস এঞ্জেলেসের জামাই। তার স্ত্রী কান্তা লস এঞ্জেলেসের সাংস্কৃতিক অঙ্গন মাতিয়ে রাখতেন বিয়ের পূর্বে। তিনি সেই আবদারে লস এঞ্জেলেসবাসীর সর্বোচ্চ সহযোগিতার আশা করছেন। নিউইয়র্ক ফোবানা ২০১৯ নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন ধীরে ধীরে। এন টিভিতে কাজ করার সুবাদে তিনি অংশ নিয়েছেন বেশ কয়েকটি ফোবানা কনভেনশনে। আর খুব কাছ থেকে তিনি দেখেছেন কনভেনশনগুলির ভালো-মন্দ, ত্রুটি বিচ্যুতি। আর সেই অভিজ্ঞতার আলোকে নিউ ইয়র্কের বাংলাদেশ কমুনিটির বহুল পরিচিত ও অভিজ্ঞ নেত্রী নার্গিস আহমেদ এর নেতৃত্বে ড্রামা সার্কেল উপহার দিতে চায় স্মরণকালের জমকালো ফোবানা কনভেনশন। দুটি মঞ্চে চলবে ফোবানার অনুষ্ঠান। মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায় আর দুপুরে বিশাল হলরুমে দেড় শতাধিক বাংলাদেশী পণ্যের স্টল ঘেরা মঞ্চে অনুষ্ঠান চলবে দর্শক মাতিয়ে রাখতে। যেখানে কনভেনশনে আগত শিল্পী-কলাকুশলীরা ফটোসেশন ও আলাপচারিতায় মাতবেন দর্শকদের সাথে।

২০১৮-২০১৯ ফোবানা চেয়ারপারসন জনাব মীর এইচ চৌধুরী বলেন, ফোবানা এখন ঐক্য বদ্ধ। পূর্বে কিছু ভুল বুঝাবুঝিতে ফোবানা খন্ড-বিখন্ড হলেও টেক্সাস একর্ডের মধ্য দিয়ে ফোবানা একীভূত হয়েছে ২০১৪ সালে। তার পরও যারা ফোবানার বাইরে রয়ে গেছেন এবং ভিন্ন ভিন্ন নামে অনুষ্ঠান করছেন তাদের ফিরে এসে ফোবানায় অংশ নিতে আহবান জানান তিনি। তিনি বলেন, আমাদের বিভক্তি দেখে নুতন প্রজন্ম বিভ্রান্ত হচ্ছিল। আমরা মূল ধারায় বাংলাদেশ ও বাংলাদেশিদের কাঙ্খিত উপস্থাপন করতে বাধার সম্মুখীন হচ্ছিলাম। ঐক্য বদ্ধ ফোবানায় নেতৃত্বের কাঙ্খিত মূল্যায়ন হচ্ছে। যারা বাইরে রয়েছেন তারাও ফোবানায় অংশ নিয়ে অতি সহজেই কর্মদক্ষতা দেখিয়ে নেতৃত্বে পৌঁছে যাবেন সহজেই। ফোবানা স্কলারশিপ ও ফোবানা মেট্রিমোনিয়াল ছাড়াও ফোবানা বাংলাদেশে সিডরের ন্যায় বিভিন্ন দুর্যোগে ত্রাণ দিয়ে তাদের সেবা কার্যক্রম চালিয়ে আসছে। ফোবানা আমেরিকা ও বাংলাদেশে একটি রেজিস্টার্ড ট্রেডমার্ক। ফোবানা অনলাইন ডটকমে গিয়ে ফোবানা সম্পর্কে আরো জানা ও প্রয়োজনে তাকে ফোন করে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

ফোবানা সাবেক চেয়ারপারসন মাহবুব রেজা রহিম এবং ফোবানার সাবেক মেম্বার সেক্রেটারী মোঃ মাওলা দিলু ফোবানার আলোচনাকে আরো সমৃদ্ধ করেন। লস এঞ্জেলেসে ইতিপূর্বে আয়োজিত তিন তিনটি ফোবানা কনভেনশনের কনভেনর ডঃ জয়নুল আবেদীন বলেন, এ পর্যন্ত কোনো ফোবানা কনভেনশন লস এঞ্জেলেসে আয়োজিত ফোবানা কনভেনশনকে অতিক্রম করতে পারেনি, কিন্তু নিউইয়র্ক ফোবানা কনভেনশন ২০১৯ এর আয়োজন একটি মাইল ফলক স্থাপন করতে সমর্থ হবে। তিনি সকলকে এই আয়োজনে অংশ নিয়ে একটি উপভোগ্য স্মৃতির ধারক হবার আহবান জানান।

লস এঞ্জেলেসে আয়োজিত বিভিন্ন ফোবানা কনভেনশন আয়োজনের স্মৃতিচারণ করে নিউইয়র্ক ফোবানা কনভেনশন ২০১৯ এ অংশ ও সহযোগিতার আশ্বাস দেন আবুল ইব্রাহিম, ডাঃ আবুল হাশেম, ড্যানী তৈয়ব, তৌফিক সোলায়ম্যান তুহিন, ডাঃ মোয়াজ্জেম, ডাঃ রুবী, ডাঃ সিরাজুল্লাহ ও হাবিব আহমেদ টিয়া প্রমুখ।

লিটিল বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষে কাজী মশহুরুল হুদা, সৈয়দ এম হোসেন বাবু ও মামুন লস্কর ফোবানার মিডিয়া সেল শক্তিশালী করার উপর জোর দিতে আহবান জানান।ভ্যালীর সিদ্দিকুর রহমান বিভিন্ন স্টেটে তিন তিনটি ফোবানায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগামীতে আবারো ধারাবাহিভাবে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান বলেন, তিনি আজকে মিট এন্ড গ্রিট এ এসে ফোবানা সম্পর্কে অনেক নুতন কিছু জানতে পেরেছেন এবং তার সংগঠন নিয়ে ফোবানায় অংশ নেবার ইচ্ছা পোষণ করেন। লস এঞ্জেলসে ২০১০ ফোবানার কনভেনর বাংলাদেশ একাডেমী অব লস এঞ্জেলেস জাহিদ হোসেন পিন্টু নিউইয়র্ক ফোবানা কনভেনশন ২০১৯ এর সাফল্য কামনা করেন।

নিউইয়র্ক ফোবানা কনভেনশন ২০১৯ এর সাফল্য কামনা করে আরো বক্তব্য রাখেন সাইফুর রহমান ওসমানী জিতু, নজরুল আলম, শামসুল ইসলাম, খন্দকার আলম, শিপার চৌধুরী, নিয়াজ মোহাইমেন, সাইদুল হক সেন্টু, শাহ আলম, মেজর (অব) কুতুবী, মুজিব সিদ্দিকী, ইলিয়াস শিকদার, নিজাম চৌধুরী, শামসুদ্দিন মানিক, মিঠুন চৌধুরী প্রমুখ। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সংগঠনের সর্বোচ্চ সংখ্যক প্রতিনিধিদের একটি অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় এই প্রথম। সবশেষে সকলকে ধন্যবাদ জানান জনাব মাসুদ রব চৌধুরী এবং নিউইয়র্ক ফোবানা কনভেনশন ২০১৯ এর আয়োজকদের হাতে ফোবানায় অংশ নেওয়ার প্রতীকী চেক তুলে দেন ক্যালিফোর্নিয়া প্রবাসীদের পক্ষ থেকে ডঃ জয়নুল আবেদীন, মাসুদ রব চৌধুরী, ডাঃ সিরাজুল্লাহ প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension