
নিউজিল্যান্ডে ২ বছরের শিশুকন্যাকে স্যুটকেসে ভরে বাস ভ্রমণ, নারী গ্রেপ্তার
বাসে ভ্রমণ করার সময়ে একটি সুটকেসে ২ বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে যাচ্ছিলেন এক নারী। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ঘটনাটি নিউজ়িল্যান্ডের। কী কারণে ২৭ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার হয়েছে তা জানিয়েছেন গোয়েন্দা বিভাগের আধিকারিক সাইমন হ্যারিসন। তিনি জানান, ওই নারীর বিরুদ্ধে একটি শিশুর প্রতি দুর্ব্যবহার এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, এই ঘটনা ঘটেছে অকল্যান্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কাইওয়াকা নামের একটি ছোট শহরে। জানা গেছে, লাগেজগুলো বাসের যাত্রীদের নিচে আলাদা বগিতে রাখা হয়েছিল। একটি স্টপেজে বাসটি থামার সময় ওই সুটকেসের দিকে নজর যায় বাসচালকের। তিনি লক্ষ্য করেন যে, সুটকেসটি নড়ছে। তা দেখেই সন্দেহ হয় তার। তার পরেই কাইওয়াকার বাস ডিপোতে ডেকে পাঠানো হয় পুলিশকে।
সেখানকার পুলিশ জানিয়েছে, ওই সুটকেসটি খোলার পরেই ২ বছর বয়সী একটি মেয়েকে দেখতে পান বাসের চালক। তিনি জানিয়েছেন, ওই শিশুটির শরীর কিছুটা গরম ছিল। তবে তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন ছিল না। বেশিক্ষণ ওই অবস্থায় থাকলে শিশুর বড় ক্ষতি হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হ্যারিসন জানান, ওই মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। সেই সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে। যদিও, ওই নারীর সঙ্গে শিশুটির কী সম্পর্ক তা পুলিশের তরফে জানানো হয়নি। সোমবার অভিযুক্ত নারীকে নর্থ সোর জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। বাস কোম্পানি ইন্টারসিটি নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলোকে নিশ্চিত করেছে যে এই ঘটনাটি তাদের গাড়ির মধ্যেই ঘটেছে। কোম্পানিটি ৩ বছরের কম বয়সী শিশুদের জন্য ভাড়া নেয় না, যারা একজন প্রাপ্তবয়স্কের কোলে বিনামূল্যে ভ্রমণ করতে পারে।
সূত্র: সিএনএন



