
যুক্তরাষ্ট্র
নিউ অরলিন্সে গোলাগুলিতে নিহত ৩
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে গোলাগুলিতে অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে শহরের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকা থেকে তিন মাইল দূরের একটি স্থানে ভিড়ের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে দু’জন বন্দুকধারী।
এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন, আহত হয় আরও সাতজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের অবস্থা সম্পর্কে জানা যায় নি।
নিউ অরলিন্স শহরের মেয়র লাতোয়া ক্যান্ট্রেল টুইটারে বলেছেন, ‘শহরে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’
হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার অন্য কোনো বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।



