
নিউ ইয়র্কের স্টেশনে হামলাকারী গ্রেফতার
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে হামলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ফ্রাঙ্ক রবার্ট জেমস (৬২)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ এপ্রিল) রাতে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে গোলাগুলি এবং ‘স্মোক বোমা’ স্থাপনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বলছে, এর আগে রবার্ট জেমস নিউইয়র্কে বিভিন্ন সময় নয়বার এবং নিউ জার্সিতে তিনবার গ্রেফতার হয়েছেন।
শহরের মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্কের বাসিন্দাদের উদ্দেশে এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীকে আমরা ধরতে পেরেছি। আমরা এই শহরের জনগণকে রক্ষা করব। যারা নিউইয়র্কে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের আমরা গ্রেফতার করব।
এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৩ জন আহত হয়।



