
বৈশাখের নিমন্ত্রণ
শাহানাজ পারভীন শিউলি
বৈশাখ তুমি আসবে বলে গুনছি বসে দিন,
রাখাল ছেলে মধুর সুরে বাঁজায় বাঁশের বীণ।
তাঁতের শাড়ি পরবে তুমি আলতা দেবে পায়,
তোমায় নিয়ে বসবে মেলা আমার ছোট্ট গাঁয়।
আম কাঁঠালের মিষ্টি রসে ভরবে তোমার মন,
তোমায় নিয়ে থাকবো মেতে গাইবো সারাক্ষণ।
নানান রকম সাজ-সজ্জায় সাজবে গ্রামবাসী,
সোনা রঙের পাকা ধানে ফুটবে চাষীর হাসি।
পাড়ায় পাড়ায় উঠবে মেতে পিঠাপুলির ধুম,
গাছের তলায় শীতল ছায়ায় পাড়বে তুমি ঘুম,
হালখাতার মধ্য দিয়ে করবে দেনা শোধ,
বাকি হিসাব চুকিয়ে দিয়ে উঠবে হেসে রোদ।
আসবে তুমি শুভ হয়ে খুশীর বার্তা নিয়ে,
বরণ করে নেবো তোমায় বরণ ডালা দিয়ে,
দমকা হাওয়ায় এসো তুমি উড়িয়ে এলোচুল,
নতুন করে শিক্ষা দিও যা ছিল সব ভুল।
লঙ্কা, পিঁয়াজ,ইলিশ ভাজা,পান্তা দেবো খেতে
মায়ের হাতের নকশীকাঁথায় বসবে আসন পেতে।
সাজবে তুমি সবুজ শ্যামে নবীনতায় বেশ,
তোমার ছোঁয়ায় ধন্য হয়ে ভরবে আলোয় দেশ।



