
ইকবাল খান
তুমিই আমার মেঘপরী, তুমিই আমার ফুলপরী,
তোমায় ঘিরে স্বপ্ন বুনি দিন ভরি রাত ভরি।
তুমি হাসলে আকাশ জুড়ে রোদের ঝিলিক নাচে,
তোমার ছোঁয়ায় ফুল ফোটে মোর মনের গাছে গাছে।
তুমিই আমার ভোরের আলো, সন্ধ্যাতারার গান,
তোমার কথায় জুড়িয়ে যায় সকল ক্লান্ত প্রাণ।
তুমি যখন দূর আকাশে ডানা মেলে ওড়ো,
মেঘের দেশে আমিও যাই, হাতটি যখন ধরো।
তুমিই আমার ছোট্ট নদী, তুমি আমার ঢেউ,
তোমার মতো আপন আমার নেই তো আর কেউ।
তুমিই আমার সকাল-সাঁঝের রঙিন রংধনু,
তোমায় ছাড়া সুর হারায় আমার প্রাণের বেণু।
তুমিই আমার মেঘপরী, তুমিই আমার ফুলপরী,
তোমায় নিয়ে সুখে থাকি সারাটা জীবন ভরি।



