
মাহবুব খান
কিসের অপেক্ষায় আছি জানি না,
শুধু জানি বেঁচে আছি।
এই বেঁচে থাকা আমাকে মর্মদাহী পীড়া দেয়;
যে দহন কেবল আমার অস্তিত্বকে পোড়ায়।
কিছু অব্যক্ত কথা জমে আছে বুকের গহীনে,
যা রীতিমতো আমাকে শাসন করে—
ভীরু-কাপুরুষ বলে আমায় চিৎকার দিয়ে ডাকে!
আমি নিশ্চুপ শুনি আর আত্মধিক্কার দেই।
আমি তবুও বেঁচে আছি,
এই বেঁচে থাকাটাও যেন অদৃষ্টের নির্মম পরিহাস!
তবে ভেবো না কোনো স্বপ্ন কিংবা—
অলীক আশায় দিন গুনছি,
যেখানে গোটা দেশটাই নিরাশার বালুচর।



