
নিউ ইয়র্কে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রে বুধবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
নিউ ইয়র্ক সিটিতে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দিনের ঈদের নামাজ আদায় করার জন্য স্থানীয় মসজিদগুলোতে ভিড় করেন মুসলমানরা।
বাঙালী ছাড়াও বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে নিউ ইয়র্কের মসজিদগুলোতে, খোলা মাঠে এমনকি রাস্তায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক মসজিদে দুয়ের বেশি ঈদ জামাত হয়েছে। ঈদের জামাতগুলোতে ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমসহ মুসলিম উম্মাহর কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, এলমহার্স্টে মসজিদ আল তৌফিক, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমান মসজিদ, মসজিদ মারজান, আল আমিন মসজিদ, বেলাল মসজিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টার, ব্রংক্সের পার্কচেস্টার জামে মসজিদ, বায়তুল আমান ইসলামিক সেন্টারে বড় আকারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারনে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সেই সাথে বিভিন্ন এলাকায় জামায়াতে নামাজের জন্য নারীদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। ঈদ জামাত উপলক্ষে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর নতুন পোষাক পরে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীরা ঈদের জামাতে আসেন । নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। কেউ কেউ সপরিবারে আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলের মাধ্যমেও ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা ।
ঈদের দিন নিউ ইয়র্কে স্কুল ছুটি থাকায় শিক্ষার্থীদের আনন্দ উদ্দীপনার মাত্রা ছিল বেশি ।
এছাড়াও ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভেইনিয়া, টেক্সাস, লস এঞ্জেলেস, ফিনিক্স, বস্টন, কানেটিকাট, ওহাইয়ো, শিকাগোসহ মুসলিমদের বসবাস এলাকা থেকেও ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।
এদিকে, ‘ঈদ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে মুসলিম-আমেরিকানসহ সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, এই ঈদ উদযাপন দুনিয়া জুড়ে শান্তি ও শুভ্রতার সুবাস ছড়াবে।
ছবি







