
নিউ ইয়র্কে করোনায় ৩ ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবা ও ছেলের মৃত্যু ঘটেছে।
শনিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে প্রকৌশলী খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্নার মৃত্যু হয়। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
চট্টগ্রামের সন্দীপের হালিশহরের এ ব্লক ৮ নং লেনের বাসিন্দা প্রকৌশলী খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন।
করোনাভাইরাস মহামারীর প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে এক চিকিৎসক ও প্রকৌশলীসহ অন্তত ১২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক।❐



