প্রধান খবরযুক্তরাষ্ট্র

নিজের স্বাস্থ্য সনদ নিজেই লিখেছিলেন ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিকিৎসক বলছেন, ২০১৫ সালে তখনকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ‘অবাক করার মতো চমৎকার’ বলে যে চিকিৎসা সনদ দেয়া হয়েছিল, সেটি তিনি নিজে লেখেননি। ট্রাম্পের নির্দেশে সেটা লেখা হয়েছিল বলে দাবি করেছেন চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন।

সিএনএন টেলিভিশনকে চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন বলেছেন, ‘তিনি (ট্রাম্প) নিজেই সেটির নির্দেশনা দিয়েছিলেন।’

২০১৫ সালের ওই চিঠির বক্তব্য ছিল, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত যতজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সবচেয়ে ভালো।

ওই চিঠিতে লেখা ছিল, ট্রাম্পের শারীরিক শক্তি এবং কর্মক্ষমতা অসাধারণ। তার রক্তের চাপ এবং গবেষণাগারের প্রতিবেদন অবাক করার মতো চমৎকার। পুরো বছর জুড়ে তিনি ৭ কেজি ওজন কমিয়েছেন। ট্রাম্পের ক্যান্সারের কোনও লক্ষণ নেই বা জয়েন্ট সার্জারি হয়নি।

সে সময় টুইট করে ট্রাম্প বলেছিলেন, ‘আমি ভাগ্যবান যে, আমার শরীরে সেরা জিন রয়েছে।’

কিন্তু এখন চিকিৎসক বোর্নস্টেইন দাবি করছেন, তিনি নিজে থেকে ওই সনদ লেখেননি। তাকে যেভাবে বলা হয়েছিল তিনি  সেভাবে ওই চিকিৎসা সনদটি বানিয়েছিলেন। সেটি তার পেশাদার বিশ্লেষণ ছিল না।

তবে তার এই বক্তব্যের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

ডোনাল্ড ট্রাম্পের ওই সাবেক চিকিৎসক আরো অভিযোগ করেছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দেহরক্ষী একদিন তার অফিসে এসে অভিযান চালিয়ে তার চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে গেছে।

কিন্তু এতদিন পরে ডোনাল্ড ট্রাম্পের সাবেক এই চিকিৎসক কেন এই দাবি করছেন, তা পরিষ্কার নয়।

গত জানুয়ারিতে মানসিক সুস্থতা নিয়ে বিতর্কের জের ধরে তিন ঘণ্টা ধরে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তার হোয়াইট হাউজ চিকিৎসক রনি জ্যাকসন বলেছিলেন, ‘তার মস্তিষ্কের দক্ষতা নিয়ে আমার কোন সন্দেহ নেই।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension