বাংলাদেশরাজনীতি

নির্বাচনে কাজ করবেন ছয় হাজারের বেশি ছাত্রলীগ কর্মী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের সমন্বয়ক টিমে ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে কাজ করবেন ৬ হাজারেরও বেশি নেতাকর্মী। এলক্ষ্যে বিভাগভিত্তিক ও জেলাভিত্তিক সমন্বয়ক টিমকে জরুরি মিটিং করে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে প্রতিটি সংসদীয় আসনে ন্যূনতম ২০জনের নাম সংগ্রহ করে দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আচরণবিধি সাপেক্ষে সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিমের দায়িত্ব কী কী সেটা বলে দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে সমন্বয়ক টিমকে সাত দফা নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়, প্রতিটি সংসদীয় আসনে শেখ হাসিনার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সমন্বয় করা; দেশব্যাপী ও সংসদীয় আসনভিত্তিক শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক প্রচারণা ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করা; শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ সম্পর্কে ভোটারদের মাঝে দৃঢ় সমর্থন তৈরি করা; নবীন ভোটার, তরুণ প্রজন্মকে জাতির পিতার সংগ্রাম, শেখ হাসিনার অবিকল্প নেতৃত্ব সম্পর্কে অবহিতকরণ; মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক-উন্নত-আধুনিক ও গণতান্ত্রিক-আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে ছাত্র-শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ করা; দেশবিরোধী অগণতান্ত্রিক-সন্ত্রাসী গোষ্ঠীকে চূড়ান্তভাবে পরাজিত করতে ভোটারদের গণ রায় দিতে দলে দলে ভোটকেন্দ্রে এসে তার মূল্যবান ভোটদানে উৎসাহিত করা এবং সর্বশেষে উল্লিখিত কর্মকাণ্ড মানুষে-মানুষে, ঘরে-ঘরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সুসম্পন্ন করা।

এর আগে বুধবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার জীবন-কর্ম-সংগ্রাম, উন্নয়ন কর্মকাণ্ড, অর্থনৈতিক ও কূটনৈতিক নীতি প্রভৃতি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, এক্স, টিকটক, ইনস্টাগ্রাম) শিক্ষার্থী, তরুণ, নবীন ভোটারসহ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচার-প্রচারণার ভিত্তিতে চারটি ভিন্ন ক্যাটাগরিতে মাসিক ৫৬টি পুরস্কার ঘোষণা করে সংগঠনটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension