
গাজায় আল জাজিরা সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক পরিবারের ২২ সদস্য নিহত হয়েছেন।
ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মোয়ামেন আল শরাফি। তিনি আল জাজিরা মধ্যপ্রাচ্যের আরবি বিভাগের সংবাদদাতা। গাজা উপত্যকার যে বাড়িটিতে শরাফির পরিবার আশ্রয় নিয়েছিলেন বুধবার (৬ ডিসেম্বর) ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) সে বাড়িতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
প্রতিবেদনটিতে বলা হয়, আল জাজিরার কর্মরত এক সাংবাদিক গাজায় ইসরায়েলি বিমান হামলায় পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন। বুধবার সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আল জাজিরার আরবি সংবাদদাতা মোয়ামেন আল শরাফির পরিবারের ওই সদস্যদের হত্যা করা হয়।
পরিবারের নিহত সদস্যদের মধ্যে আছেন আল শরাফির বাবা মাহমুদ এবং মা আমিনা, তার ভাই ও ভাইয়ের স্ত্রী, বোন এবং তার স্বামীর, ভাগ্নে ও ভাগ্নি।
শরাফি আল জাজিরাকে বলেছেন, হামলার সময় একটি বিস্ফোরক ব্যারেল বাড়িটিতে আঘাত হানে। এসময় মাটিতে গভীর গর্ত তৈরি হয় এবং বিস্ফোরণে সবাই নিহত হন।
এদিকে আল শরাফির মা আমিনা নিহত হওয়ার আগে শরাফিকে একটি ভয়েস ম্যাসেজ পাঠিয়েছেন। সেটি প্রকাশ করেছে আল জাজিরা। ওই ভয়েস নোটে তাকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম। শুভ সকাল, মমিন। তুমি কেমন আছো? আশা করি, তুমি ভালো আছো। তোমার স্ত্রী-সন্তান কেমন আছে? তোমার শারীরিক অবস্থা কি? নিজের যত্ন নিও বাবা।’
এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলি এই হামলার নিন্দা করেছে এবং বলেছে, ‘এই অপরাধের জন্য দায়ী সকলকে জবাবদিহি করার জন্য সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে আল জাজিরা।
এর আগে গত ২৫ অক্টোবর ইসরায়েলি বিমান হামলায় গাজায় আল জাজিরার আরেক আরবি সংবাদদাতা ওয়ায়েল দাহদুহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন। এছাড়া গাজায় আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানও গত ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।
মাঝে এক সপ্তাহ বিরতির পর শুক্রবার থেকে আবারও গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজার দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।



