প্রধান খবরবাংলাদেশ

নির্বাচন নিয়ে অর্থনীতিবিদ ও বিশিষ্ট জনেরা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। এমন আমেজ দেখা যাচ্ছে নানা শ্রেণী ও পেশার মানুষের মাঝে।  এক্ষেত্রে বিশিষ্টজনদের প্রত্যাশা সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।  একইসঙ্গে তাদের চাওয়া প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার যেন দেশের অর্থনীতির ভিতকে শক্ত করে এগিয়ে যেতে পারে।

পিকেএসএফের (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, আমি চাই নির্বাচন যেন সুষ্ঠু হয়।  আর নির্বাচনে যেন মুক্তিযুদ্ধের বিরোধী কোনও শক্তি অংশগ্রহণ করতে না পারে।  একটি অংশগ্রহণমূলক নির্বাচনই সকলের প্রত্যাশা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, একটি ভালো নির্বাচন চাই, যা হবে সবার অংশগ্রহণমূলক।  এমন নির্বাচন চাই, যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আরও শক্তিশালী হবে।  এমন নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার উন্নত বাংলাদেশের অবকাঠামো নির্মাণে কাজ করবে।  ড. আতিউর বলেন, এমন নির্বাচন চাই, যার মাধ্যমে গঠিত সরকার কর্মী ও উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করবে, যার মাধ্যমে আধুনিক বাংলাদেশ গঠিত হবে।  এমন নির্বাচন চাই, যার মাধ্যমে গঠিত সরকার ডিজিটাল সংস্কৃতি আরও বিস্তৃত করবে, আর্থিক অন্তর্ভুক্তির আরও প্রসার ঘটবে।  যে নির্বাচনের মাধ্যমে নারীরা আরও ক্ষমতায়িত হবে।

বাংলাদেশ ব্যাংকের আরেক সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, সবাই যেন নির্বাচনে অংশ নিতে পারে।  নির্বাচন যেন সুষ্ঠু হয়।  সবাই যেন ভোট দিতে পারে। নির্বাচন যেন কারও ভয়ের কারণ না হয়।  এটি যেন একপেশে না হয়।  নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার মতো মানসিকতা যেন আমাদের থাকে।

সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, অংশগ্রহণমূলক-প্রতিযোগিতামূলক নির্বাচন আশা করি।  যেখানে সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।  রাজনৈতিক একটা সহনশীল এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা আবহ থাকবে এবং ফলাফল মেনে নেওয়ার একটা মানসিকতা আমরা দেখব পরবর্তীতে।  যারা ক্ষমতায় আসবে, তাদের নির্বাচনী মেনুফেস্টো (ইশতেহার) জনগণের কল্যাণে বাস্তবায়ন করবে- একটা কার্যকর পার্লামেন্টের সহযোগিতায়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য-প্রতিযোগিতামূলক নির্বাচন চাই।  সবাই যেন ভোট দিতে পারে।  সবার জন্য যাতে সমান সুযোগ সৃষ্টি হয়।  এমন নির্বাচন চাই, যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বলেন, আমরা চাইব সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন।  জনগণের কথা মাথায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় যে নির্বাচনের মাধ্যমে, আমরা তেমন নির্বাচনই চাইব।  যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার অর্থনীতিকে প্রাধান্য দেয়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension