প্রধান খবরবাংলাদেশ

নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক দিবস

রূপসী বাংলা ডেস্ক:নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক এবং পরদিন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে তার মুখ্য সচিব নজিবুর রহমান জানান। তিনি বলেন, বৃহস্পতিবার সারা দেশে একদিনের শোক ঘোষণা করা হয়েছে। সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এদিন জাতীয় পাতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া পরদিন শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচিও বৈঠক থেকে ঘোষণা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

নেপালে বিমান দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই মঙ্গলবার দেশে ফিরে আসেন। এরপর সংশ্লিষ্টদের নিয়ে বুধবার সকালে নিজের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন। দুর্ঘটনার পরবর্তী করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের এ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, তিন বাহিনীর প্রধান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থ করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে নজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের দেশে আনা এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষ্যে বার্ন ইউনিটের দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসক দল কাঠমান্ডুতে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া নিহতদের ডিএনএর নমুনা সংগ্রহের জন্য পুলিশের একটি দলকেও পাঠানো হচ্ছে। আহতরা যদি রাজি হন তা হলে তাদের আমাদের বার্ন ইউনিটে এনে চিকিৎসা দেওয়া হবে। আমাদের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসা হয়। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ‘গুরুতর আহত’ দুজনকে উন্নত চিকিৎসার জন্য তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান নজিবুর রহমান। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে অ্যাভিয়েশন নিরপত্তা আইন যথাযথভাবে অনুসরণ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension