
নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান খান সাজু ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। এদের মধ্যে শাহ জাহান খান সাজু চালের ডিলার।
মঙ্গলবার রাতে সহকারী কমিশনার ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা অসন্ত কুমার চাকমা বাদী হয়ে দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীপুরের ডিলার শাহজাহান খান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা মূল্যের চাল সুবিধাভোগীদের কাছে বিক্রি না করে বস্তা প্রতি বাইরে বিক্রি করেন। গত কয়েক সপ্তাহ থেকে চলছে তার এই কার্যক্রম।
তাকে এ কাজে সহযোগিতা করেন ইমসাইল হোসেন নামের এক আওয়ামী লীগ নেতা। বিষয়টি সেনবাগ উপজেলা প্রশাসনকে জানালে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগান লেখা ১৫টি বস্তায় ৪৫০ কেজি চালসহ তাদের দুইজনকে আটক করা হয়।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানান, ডিলার মো. শাহজাহান সাজু ও ঈসমাইল হোসেন খাঁন পারস্পরিক যোগসাজসে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বাইরে বিক্রি করছে, এমন অভিযোগ পেয়ে রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এসময় নবীপুর ইউনিয়নের ৮টি বাড়িতে বেশি দামে বিক্রি করা ১৫ বস্তা চাল ও সরকারি চালের ৩টি খালি বস্তা জব্দ করা হয়। চালগুলো নিয়ম অনুযায়ী হতদরিদ্র লোকজনের মাঝে ১০ টাকায় বিক্রি না করে বেশি দামে বাইরে বিক্রি করে তারা নিজেরা লাভবান হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে পাঠানো হয়।◉



