
নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
রূপসী বাংলা ডেস্ক:দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও এর আশে-পাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা। তবে সমাবেশ করার অনুমতি এখনও পায়নি বলে বিএনপির দপ্তর থেকে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খরমলা বাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, আজকের সমাবেশকে কেন্দ্র করে ফকিরাপুল মোড়, নাইটিংগেল মোড়, পল্টন মসজিদ গলিসহ বিএনপি কর্যালয়ের আশে-পাশের গলিতে পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন আইনশঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিএনপির কার্যালয়ের পাশে জলকামান, প্রিজন ভ্যান ও এপিসি রাখা হয়েছে।
অতিরিক্ত নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কার্যালয়ের সামনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, আজকে বিএনপির সমাবেশকে ঘিরে যাতে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত না হয়, সেজন্য এ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে আজ ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিএনপির কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।



