ভারত

পশ্চিমবঙ্গে বামেরা বিজেপিমুখী

ভোটার হওয়ার আগেই রাজনীতি শুরু করেন কুমারেশ অধিকারী। পশ্চিমবঙ্গের নিজ গ্রামে দলীয় দেয়াল লিখনের সময় বিশ্বাস করতেন, একদিন দলে পদ শক্ত হবে। ইতোমধ্যে পাঁচ দশক কেটে গেছে, কুমারেশ দেখছেন, প্রতিশ্রুতির রাজনীতির হেরফের হয়নি। একসময় মার্কসপন্থি কমিউনিস্ট পার্টির (সিপিএম) এই কর্মী বিপরীত আদর্শের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রচার চালাচ্ছেন।

আলজাজিরা বলছে, মোদির বিজেপি পশ্চিমবঙ্গে কখনো ক্ষমতায় আসেনি। ফলে আট ধাপের বিধানসভা নির্বাচন তাদের জন্য চ্যালেঞ্জের। গত ২৮ মার্চ প্রথম ধাপের ভোট হয়। ২৯ এপ্রিল হবে শেষ ধাপের ভোট। এরপর ২ মে ফলাফল প্রকাশ করা হবে।

বাম রাজনৈতিক আদর্শ এখন কতটা বদলে গেছে, তা ব্যাখ্যা করেন কুমারেশ নদিয়া জেলার কাদিপুর গ্রামে নিজের আসবাবের দোকানে বসে, ‘কমিউনিস্টরা গরিবের কণ্ঠস্বর। গরিব পরিবার থেকে উঠে আসায় আমি তাদের বেছে নিই। অনেক বছর কেটে গেছে। কিন্তু আমি গরিবই রয়ে গেছি।’

সিপিএম ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৩৪ বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে। বিশে^র ইতিহাসেই এটি বাম শাসনের রেকর্ড। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস (টিএমসি) ২০১১ সালে ক্ষমতাসীন হয়। সিপিএম ক্যাডাররা তাদের আমলে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে হতাহত করেছে। মমতা ক্ষমতায় আসার পর যেসব বাম নেতা রোষানলে পড়েন, কুমারেশ তাদের অন্যতম। তিনি বলেন, ‘আমাকে খুঁটির সঙ্গে বেঁধে তৃণমূলের গুণ্ডারা নির্যাতন করে। ক্ষমতা হারানোর পর সিপিএম দ্রুত দুর্বল হয়ে পড়ে। কারণ তারা কখনো কর্মীদের সুরক্ষায় কাজ করেনি।’ ফলে টিকে থাকার জন্যই কুমারেশের মতো বামরা কট্টরপন্থি বিজেপিতে যোগ দেন, ‘বিজেপি এখন রাজনীতির অন্যতম শক্তি। টিকে থাকার জন্যই আমি ২০১৪ সালে দলটিতে যোগ দিই।’

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে এবার বামরা ব্যাপকহারে বিজেপিতে ঝুঁকেছেন এবং ফেনোমেনন তৈরি হয়েছে ‘ভাম সে রাম’ বা বাম থেকে দেবতা রামমুখী সবাই। এর পেছনে কাজ করছে পশ্চিমবঙ্গে আরএসএসের শক্তিশালী অবস্থান।

কলকাতার রাজনৈতিক ভাষ্যকার মুহাম্মদ রিয়াজ বলেন, ‘সিপিএমের শাসনে মমতাসহ বিরোধীরা নির্যাতনের শিকার হন। তিনিও ক্ষমতায় এসে বিরোধী শক্তি মুড়ে ফেলেন। ফলে সিপিএমের নেতাকর্মীরা বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিচ্ছেন।’ নির্বাচনী তথ্যও তার কথার সাক্ষ্য দেয়। ২০১৬ সালে রাজ্য এবং ২০১৯ সালে জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএমের ভোট ২৬ দশমিক ৬ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। এ সময়ে বিজেপির ভোট ১০ দশমিক ১৬ থেকে বেড়ে ৪০ দমিশক ৭ হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension