
পাকিস্তানে সামরিক রসদ বিক্রির পক্ষে ব্লিংকেন
পাকিস্তানের কাছে সামরিক রসদ বিক্রির পক্ষে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভারতের সমালোচনার জবাবে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই বিক্রির মধ্যে নতুন বিমান নেই, নতুন কোনো সিস্টেম বা অস্ত্র নেই এবং এটি শুধু পাকিস্তান বিমানবাহিনীর বিদ্যমান বহরকে টিকিয়ে রাখার সঙ্গে সম্পৃক্ত।
এ সময় ব্লিংকেনের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন। সেপ্টেম্বরের শুরুতে পাকিস্তানের সঙ্গে ৪৫ কোটি ডলারের এফ-১৬ চুক্তিতে অনুমোদন দেয় ওয়াশিংটন।
ওই চুক্তির বিপক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রবিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘আপনারা কাকে বোকা বানাচ্ছেন? কেউ যখন বলে আমি এটি সন্ত্রাসবাদ ঠেকানোর জন্য করছি এবং আপনি যখন এফ-১৬ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে কথা বলেন, তখন সবাই জানে সেগুলো কোথায় নামানো হচ্ছে। ’
এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে সামরিক রসদ প্রদান প্রসঙ্গে ব্লিংকেন বলেন, ‘কাউকে সামরিক সরঞ্জাম দিলে সেটির ব্যবস্থাপনা ও টিকিয়ে রাখা নিশ্চিত করার দায়িত্ব ও কর্তব্য যুক্তরাষ্ট্রের রয়েছে। ’
স্নায়ুযুদ্ধের সময় থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মিত্রতা থাকলেও আফগানিস্তান ইস্যু প্রভাব ফেলেছে সেই সম্পর্কে। তালেবানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক কলকাঠি নেড়েছে এ ক্ষেত্রে।
তবে মঙ্গলবার ব্লিংকেন জানান, সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় সক্ষমতা জোরদার করছে পাকিস্তান। আর এরকমটি হলে আখেরে সবার জন্যই সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই প্রশ্নে সুফল বয়ে আনবে বিষয়টি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘পাকিস্তানের ভেতর থেকে এবং প্রতিবেশী দেশগুলো থেকে স্পষ্ট সন্ত্রাসী হুমকি সামনে আসা অব্যাহত রয়েছে।’
ডন



