অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশ

পুঁজিবাজারে হতাশার বছর ২০২২

একটি কঠিন বছর শেষ করল পুঁজিবাজার। শুরুটা হয়েছিল কিছুটা আশা দেখিয়ে, তবে শেষটা হলো চরম হতাশায়।

২০২২ সালের শুরুতেও পুঁজিবাজার নিয়ে উচ্ছ্বাস ছিল না। ২০২১ সালের অক্টোবর থেকেই বাজার ছিল সংশোধনে। তবে সেটি শেষ করে ২০২২ সালের শুরুতে সূচক কিছুটা বাড়তে শুরু করে। কিন্তু এর মধ্যে ঘটে দুটি ঘটনা।

প্রথমত, শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের মনস্তাত্ত্বিক প্রভাব এবং ২৪ এপ্রিল ইউক্রেনে রুশ হামলার পর বিশ্বের প্রধান শক্তিগুলোর এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর পরিবর্তিত বিশ্বব্যবস্থা।

দুই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের পুঁজিবাজারেও দেখা যায় অস্থিরতা। বছর শেষেও কাটেনি সেটি। হতাশ, ক্লান্ত বিনিয়োগকারীদের মধ্যে আশা ফিরবে এমন কোনো দূরতম ইঙ্গিতও নেই।

অথচ বছরটি হতে পারত আলো ঝলমলে। পুঁজিবাজারে প্রথমবারের মতো লেনদেন শুরু করেছে ইসলামি সুকুক বন্ড। ৩ লাখ ১৬ হাজার ৮০৮ কোটি টাকা বাজার মূলধন নিয়ে শুরু করেছে ২৫০টি সরকারি সিকিউরিটিজও।

পুঁজিবাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দীর্ঘ মতভিন্নতাও দূর হয়েছে এ বছর। কেন্দ্রীয় ব্যাংকের রক্ষণশীল নীতি পরিবর্তনের বিষয়টি আর আভাসে সীমাবদ্ধ নেই। তারা ব্যাংকগুলোকে আরও বেশি বিনিয়োগের সুযোগ দিয়ে নানা নির্দেশও দিয়েছে।

বিনিয়োগকারীদের এক যুগের দাবি মেনে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিটের গণনা শেয়ারের ক্রয়মূল্যে করার সিদ্ধান্ত হয়েছে।

কিন্তু এসবের কিছুই বিনিয়োগকারীদের হতাশা ঠেকাতে পারেনি। বৈশ্বিক আর দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক প্রচারেই উৎকণ্ঠিত তারা। হাত গুটিয়ে বড় বিনিয়োগকারীরাও। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ না বাড়ার বিষয়টি নিয়ে হতাশা জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

এ বছর যে মোটেও ভালো যায়নি সে কথা স্বীকার করেছেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘এ বছর পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখেননি। বরং গত বছর যে লাভ হয়েছিল, এ বছর সেটা হারিয়ে ফেলেছেন। আমরা পুঁজিবাজারে এমন জোয়ার-ভাটার খেলা দেখতে চাই না।’

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার আশা করছেন নতুন বছর নতুন আশা নিয়ে আসবে। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘২০২৩ সালের শুরুতেই সংকট কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। আগামী বছরের শুরুতেই ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হবে, মোবাইল অ্যাপসের ক্যাপাসিটি বৃদ্ধি, বন্ড মার্কেটের জন্য স্বতন্ত্র অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠাসহ বাজারের স্বচ্ছতা, জবাবদিহি বাড়াতে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension