
পুতিন চাইলে আজই যুদ্ধ শেষ করতে পারেন: পেন্টাগন
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। সে যুদ্ধ এখনো চলছে। পশ্চিমারা ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে দেশটিকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের রাশিয়াও আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে।
এমন পরিস্থিততে শুক্রবার পুতিন বলেন, ইউক্রেন যদি ‘রাশিয়ার চারটি অঞ্চল’ ছেড়ে দেয় এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার দৌড় থেকে নিজেদের সরিয়ে নেয় তাহলে মস্কো যুদ্ধবিরতি কার্যকর করবে এবং শান্তি আলোচনাও শুরু করা যাবে। পুতিন বলেন, রাশিয়া যুদ্ধ শুরু করেনি। ইউক্রেনই এটি দীর্ঘায়িত করেছে।
তবে পুতিনের সে দাবি খণ্ডন করে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন বলেছেন, পুতিন অবৈধভাবে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড দখল করেছে। কী করলে শান্তি ফিরবে তা ইউক্রেনকে বাতলে দেওয়ার মতো অবস্থানে তিনি (পুতিন) নেই।
ব্রাসেলসে ন্যাটোর বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে অস্টিন যোগ করেন, তিনি (পুতিন) চাইলে আজই এটা (যুদ্ধ) শেষ করতে পারেন। তিনি যদি এটা করতে চান। আমরা তাকে সাধুবাদ জানাব। (আমরা চাই) তারা ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড ছেড়ে যাক।
ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ পুতিনের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, এ প্রস্তাব সরল মনে দেওয়া হয়নি। এর অর্থ দাঁড়ায় রাশিয়া (ইউক্রেনের) যে পরিমাণ ভূমি দখল করেছে, তার চেয়েও বেশি ভূমি যেন ইউক্রেন রাশিয়াকে দিয়ে দেয়। এ প্রস্তাবের মানে হচ্ছে রাশিয়া যেন তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারে।



