
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রসব, বন্য জন্তু নিয়ে গেল সন্তান
সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের চম্বলের এক বাড়িতে কোনও শৌচাগার না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে জঙ্গলেই সন্তান জন্ম দেন ওই নারী। এরপরই জ্ঞান হারান। কিন্তু জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তার পাশে সন্তান নেই।
পরিবারের লোকজন জানিয়েছেন, শিশুটিকে কোনও বন্য জন্তু গভীর জঙ্গলে নিয়ে গেছে।
শিল্পী চৌহান নামের ২৬ বছর বয়সী এক নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জঙ্গলে জ্ঞান হারান। কয়েক ঘণ্টা পর তাকে জঙ্গল থেকে উদ্ধার করেন গ্রামবাসী।
ওই নারী বলেছেন, ‘আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। তখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। রক্তক্ষরণ দেখে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি আর আমার ছেলেকে খুঁজে পাই নি।’
গ্রামবাসী জানিয়েছেন, তারা যখন ওই নারীকে উদ্ধার করেন তখন তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এমন মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে ওই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও পর্যন্ত তার শিশুটির কোনও হদিস পাওয়া যায় নি। ⛘



