
প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েও কেন অধিনায়ক পদে কোহলি, নির্বাচকদের প্রশ্ন গাভাসকরের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: হেড কোচ থেকে কোচিং স্টাফ। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে প্রত্যেকেরই। বিজ্ঞপ্তি দিয়ে নয়া কোচ ও কোচিং স্টাফের অন্বেষণে বিসিসিআই। একইসঙ্গে বিশ্বকাপের পর অধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হয়েছে বিরাট কোহলিরও। কিন্তু তারপরেও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অধিনায়ক হিসেবে বহাল তবিয়তে রয়ে গেলেন বিরাট কোহলি। ঘটনায় হতবাক কিংবদন্তি সুনীল গাভাসকর। কোনও আলোচনা ছাড়াই অধিনায়ক পদে কোহলির পুনর্বহাল রয়ে যাওয়ার ঘটনায় এবার প্রশ্ন তুলে দিলেন তিনি।
অধিনায়ক নির্বাচন না করেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন করে ফেলল নির্বাচকরা। প্রশ্ন ছুঁড়ে দিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এপ্রসঙ্গে গাভাসকর লেখেন, বিরাট কি নিজেই নিজেকে দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে নাকি নির্বাচিক কমিটির ইচ্ছেমতো সবকিছু হচ্ছে?’ লিটল মাস্টারের আরও সংযোজন, ‘যতদূর জানি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির মেয়াদ ছিল বিশ্বকাপ পর্যন্ত। এরপর অধিনায়ক হিসেবে পুনর্বিবেচনার জন্য কি নির্বাচকরা পাঁচ মিনিটের জন্য আলোচনা করার অবধি প্রয়োজন মনে করলেন না।’
পাশাপাশি নির্বাচকদের থেকে তাঁর পছন্দমতো দল হাতে পাচ্ছেন কোহলি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে ‘পঙ্গু হাঁস’ বলে আখ্যা দেন গাভাসকর। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না দিতে পারায় কেদার যাদব কিংবা দীনেশ কার্তিকের উপর কোপ পড়লেও কেন বাদ যাবেন কোহলি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে প্রত্যাশাপূরণ করতে পারেননি কোহলিও। দলকে বিশ্বকাপের ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছেন তিনি। তাহলে কোন যোগ্যতায় অধিনায়কপদে আসীন থাকবেন কোহলি, প্রশ্ন তুলেছেন গাভাসকর।
নির্বাচক প্যানেলে থাকা প্রাক্তন ক্রিকেটারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে লিটল মাস্টার জানান, কেউই লম্বা সময়ের জন্য ক্রিকেত খেলেনি। হাই প্রোফাইল ক্রিকেটাররা সেকারণেই তাদেরকে হাতের পুতুল করে রেখেছেন। উল্লেখ্য, দিনকয়েক আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমত, শুভমন গিল ও অজিঙ্কা রাহানেদের মতো ক্রিকেটারকে ওয়ান ডে দলে দেখতে না পেয়ে অবাক হয়েছিলেন তিনি। দ্বিতীয়ত, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সবাইকে খুশি করতে চলার প্রবণতায় কার্যত হয়েছিলেন মহারাজ।



