
প্রাচীরবিহীন গেস্ট হাউজে নেয়া হচ্ছে নওয়াজ ও মারিয়ামকে
রূপসী বাংলা ডেস্ক:দুর্নীতির দায়ে কারাভোগ করতে হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মারিয়াম নওয়াজকে। বর্তমানে তাদের রাখা হয়েছে আদিয়ালা কারাগারে। কিন্তু সেখান থেকে তাদের সরিয়ে সিহালা গেস্ট হাউজে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাদের মতো হাই-প্রোফাইল বন্দিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ১৩ জুলাই পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্টে নওয়াজ ও তার মেয়ের সাজা ঘোষণা হওয়ার পর তাদেরকে আদিয়ালা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
তবে, ইসলামাবাদের চিফ কমিশনার নওয়াজ, তার মেয়ে এবং মেয়ে জামাইকে সিহালা পুলিশ ট্রেনিং কলেজের পার্শ্ববর্তী সিহালা রেস্ট হাউজে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, শরিফদের জন্য ওই রেস্ট হাউজটি নিরাপদ নয়। কারণ সেখানে ছয়টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, পর্যাপ্ত বিছানা এবং বাথরুমের ব্যবস্থা থাকলেও কোনো সীমানা প্রাচীর নেই।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার মারিয়ামকে সিহালা গেস্ট হাউজে স্থানান্তরের জন্য বলা হলেও তিনি রাজি হননি।



