
ফিলিস্তিন ইস্যুতে সৌদি বাদশাহ-ই সিদ্ধান্ত নেবেন
রূপসী বাংলা ডেস্ক:ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মেনে না নেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান আরব মিত্রদের জানিয়েছেন, যদি এই পরিকল্পনায় জেরুজালেমের অবস্থান ও ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত না হয় তাহলে তা মানবে না রিয়াদ।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে সৌদি আরব ইসরায়েল ঘেঁষা এই মার্কিন পরিকল্পনাকে সমর্থন জানাতে পারে- এমন খবর প্রকাশিত হওয়ার পর এই প্রতিক্রিয়া জানালেন সৌদি বাদশাহ।
কূটনীতিক ও বিশ্লেষকদের সূত্র উল্লেখ করে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একান্ত বৈঠকে বাদশাহ সালমান এই অবস্থানের কথা জানিয়েছেন। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের দীর্ঘদিনের অবস্থান অটুট থাকবে বলে আশ্বস্ত করেছেন আব্বাসকে। প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের দীর্ঘদিনের এই অবস্থান বদলে যাচ্ছে বলে যে পরিবেশ তৈরি হয়েছে এতে করে তা ঢাকা পড়বে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরবের এই অবস্থান পরিবর্তন ফলে ইসলামের জন্মভূমি সৌদি আরব ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে নতুন আরব দেশগুলোকে চাপ দেবে কিনা তা সামনে এসেছে। বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইরানের দিকে চোখ রেখে সমাধানের কোন পথে নেবে সৌদি আরব তা দেখার বিষয়।
রিয়াদে অবস্থানরত এক সিনিয়র আরব কূটনীতিক বলেন, সৌদি আরবে এখন পুরো বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন যুবরাজ নয়, স্বয়ং বাদশাহ। যুক্তরাষ্ট্রের ভুল ছিল তারা মনে করেছিল একটি দেশের চাপেই কাজ হয়ে যাবে, কিন্তু বিষয়টি চাপের নয়। কোনও আরব নেতাই জেরুজালেম বা ফিলিস্তিনকে অগ্রাহ্য করতে পারেন না।
সূত্র: ইন্টারনেট



