
ফের আমেরিকার স্কুলে চলল গুলি,নিহত ১
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ফের আমেরিকার স্কুলে চলল গুলি৷ নিহত ১৮ বছরের এক পড়ুয়া৷ গুলিতে জখম ৮ শিক্ষার্থী৷ ইতিমধ্যেই পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করলেও বন্দুকবাজদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে৷ ফলে স্কুল চত্বরে তল্লাশি জারি রেখেছে স্পেশাল ওয়েপনস ও ট্যাকটিকসের দল৷
মার্কিন প্রশাসন জানাচ্ছে আমেরিকার ডেনভারের একটি স্কুলে গুলি চলেছে৷ স্থানীয় সময় দুপুর দু’টো নাগাদ কলোরাডোর হাইল্যান্ড রাঞ্চের স্টেম নামক একটি স্কুলে এই হামলা চলে৷ গুলিতে আহত ৮ জন৷ এরা প্রত্যেকেই ওই স্কুলের পড়ুয়া৷ ঘটনার পরই আতঙ্কের সৃষ্টি হয়৷ ভয় পেয়ে যায় পড়ুয়ারা৷ সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করে পুলিশ৷
গুলি চালানোর সঙ্গে জড়িত থাকতে পারে এমন দু’জনকে গ্রেফতার করে পুলিশ৷ তবে আরও বেশ কয়েকজন দুষ্কৃতী সেথানে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ ফলে স্কুল চত্বর খালি করে পড়ুয়াদের নর্থরিজ রিক সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ স্পেশাল ওয়েপনস ও ট্যাকটিকসের দল ডেনভারের স্কুলটিকে ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে৷ গুলি চলাকালীন স্কুলে প্রায় ১৮০০ পড়ুয়া ছিল৷
সিএনএন-য়ের রিপোর্ট অনুযায়ী আরও এক বন্দুবাজ লুকিয়ে রয়েছে৷



