
বন্দি বিনিময় চুক্তি চায় ইরান, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় প্রসঙ্গে চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করেছে ইরান। রবিবার (১২ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এ তথ্য জানান। কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের এ দাবিকে ‘অসত্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছে।
আমিরাব্দোল্লাহিয়ান বলেন, ‘ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময়ের ব্যাপারটি নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে একটি চুক্তিতে পৌঁছেছি এবং মার্কিন পাশ থেকে সব ঠিক থাকলে আমরা স্বল্প সময়ের মধ্যেই বন্দি বিনিময় দেখতে পাব।’
তিনি আরও বলেন, ‘আমাদের দিক থেকে সব প্রস্তুত, যুক্তরাষ্ট্র এ মুহূর্তে চূড়ান্ত খুঁটিনাটি সহায়তা নিয়ে কাজ করছে’।
রয়টার্সের প্রতিবেদন বলছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। তবে বাড়তি হিসেবে তিনি যোগ করেন, ইরানে আটক মার্কিনীদের মুক্তি নিরাপদ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেন, `ইরানে অন্যায়ভাবে আটকে রাখা মার্কিন নাগরিকের মুক্তি প্রসঙ্গে আমরা চুক্তিতে এসেছি – ইরানি কর্মকর্তাদের এমন দাবি অসত্য।’
সূত্র: রয়টার্স



